সিলেটটুডে ডেস্ক | ২৭ মার্চ, ২০২২
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেছেন, ‘দেশের অর্থনীতির ওপর অবরোধ আরোপ করতে একটি রাজনৈতিক দলের নেতারা লবিস্ট নিয়োগ করছেন, জিএসপি বন্ধ করতে চিঠি লিখছেন। আপনারা রাজনীতি করেন জনগণের জন্য, আবার জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। জনগণকে নিশ্চিহ্ন করার উদ্যোগ গ্রহণ করেন। আপনারা কারা, হু আর ইউ? কী চান আপনারা?’
শনিবার (২৬ মার্চ) বিকেলে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা, মুজিব বর্ষ স্মারকগ্রন্থ ‘অনশ্বর পিতা’র মোড়ক উন্মোচন এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব বলেন আইজিপি বেনজীর আহমেদ ।
তিনি বলেন, ‘ভারতীয় উপমহাদেশের ইতিহাস হচ্ছে এই, একসময় এখানে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন রাজ্য ছিল। স্বাধীন রাজ্যগুলোর মধ্যে অনেকগুলো ক্রমাগত নিজেদের মধ্যে বিবাদে লিপ্ত থাকত। কথিত আছে, মেবারের রাজা রানা সিং বাবরকে ভারত আক্রমণের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। আহমদ শাহ আবদালিকেও ভারত থেকে এক নৃপতি ভারত আক্রমণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। আমরা কিন্তু দেখছি, এই ভূত এখনো যায়নি।’
আইজিপি বলেন, ‘রাজনীতি করছেন জনগণের জন্য। জিএসপি বন্ধ করে কার টুটি চেপে ধরতে চান? ২২ লাখ নারী শ্রমিক কাজ করেন গার্মেন্টস সেক্টরে। ৪০ লাখের বেশি মানুষ সরাসরি কাজ করেন এই সেক্টরে। জিএসপি বন্ধ হলে কার ক্ষতি হবে? অর্থনৈতিক অবরোধ হলে কার ক্ষতি হবে?’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, ‘একটি পার্টির খুব সিনিয়র এক নেতা বলা শুরু করেছেন, তাদের নেত্রী নাকি এক নম্বর মুক্তিযোদ্ধা। এর চেয়ে হাস্যকর...। যাকে তার স্বামী পরিত্যক্ত করে বলেছিলেন, পাকিস্তানের ওখানে কী করছ...। আর এখন সে নাকি বড় মুক্তিযোদ্ধা। আর না বলি।’
মুক্তিযুদ্ধ শুরু হলে সেই কালরাতের প্রথম প্রহরে পুলিশ প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিল উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, রাজারবাগে পুলিশ কনস্টেবল প্রথম গুলি ছুড়েছিল। কে তাকে উজ্জীবিত করেছিল? অথচ একটি দলের নেতারা বলেন, মানুষ নাকি দিগ্ভ্রান্ত হয়েছিল। তাহলে রাজারবাগের পুলিশ, সারা দেশের পুলিশ কীভাবে বুঝেছিল? আসলে তারা মিথ্যা কথা বলতে বলতে এমন একটা জায়গায় নিয়ে যায়, যেন সেটাই সত্য। জাতির পিতার ৭ই মার্চের ভাষণের পর আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণার তেমন কোনো প্রয়োজন ছিল না। ৭ই মার্চের ভাষণই পুলিশকে উজ্জীবিত করেছিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এছাড়া আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি ড. মইনুর রহমান, র্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং ডিএমপির অতিরিক্ত কমিশনার কৃষ্ণ পদ রায়।