সিলেটটুডে ডেস্ক | ২৭ মার্চ, ২০২২
চেম্বার আদালত থেকে সবশেষ দেওয়া চার সপ্তাহের স্থগিতাদেশের এখনো কয়েকদিন বাকি। তার আগে আরও একবার চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পদকের চেয়ারে বসে নতুন বিতর্কের জন্ম দিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। এবার শুধু বসেননি, নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চনকে নিয়ে কার্যকরী পরিষদের মিটিং করেছেন।
২৬ মার্চ স্বাধীনতা দিবসের দিনে চলচ্চিত্র শিল্পী সমিতিতে এই মিটিং হয়। নতুন কমিটির সহ-সাধারণ সম্পাদক চিত্রনায়ক সাইমন সাদিকের ফেসবুক পোস্ট থেকে বিষয়টি প্রকাশ্যে এসেছে। শনিবার তিনি ওই মিটিংয়ের একাধিক ছবি পোস্ট করে সেটিকে কার্যকরী পরিষদের মিটিং বলে উল্লখ করেন।
সূত্রের খবর, কার্যকরী পরিষদের মিটিং বলা হলেও সেখানে শিল্পী সমিতির সিনিয়র সহ-সভাপতি ডিপজল, সহ-সভাপতি রুবেলসহ মিশা-জায়েদ প্যানেল থেকে নির্বাচিত অনেক সদস্যই উপস্থিত ছিলেন না। তারা নাকি স্বাধীনতা দিবসের মিটিং সম্পর্কে জানতেনই না। এ নিয়ে তাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে বলে জানা গেছে।
শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে জায়েদ খানের সঙ্গে নিপুণের আইনি লড়াইয়ের কোনো সুরাহা এখনো হয়নি। চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত কেউই এই চেয়ারে বসতে পারবেন না বলে সাফ জানিয়ে দিয়েছে চেম্বার আদালত। কিন্তু নিপুণ বারবার সেই নির্দেশ অমান্য করছেন বলে অভিযোগ।
গত ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনেও শিল্পী সমিতিতে গিয়ে সাধারণ সম্পাদকের চেয়ারে বসেন নিপুণ। এবার ২৬ মার্চ করলেন মিটিং। চেম্বার আদালতের নিদেৃশ অমান্য করে এভাবে মিটিং করার ব্যাপারে জানতে সভাপতি সইলিয়াস কাঞ্চনকে ফোন দেওয়া হলেও পাওয়া যায়নি। নিপুণের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও সাড়া দেননি।
বারবার আইন অমান্য করে সাধারণ সম্পাদকের চেয়ারে বসায় নিপুণের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করেছিলেন ভোটে বিজয়ী জায়েদ খান। তারই পরিপ্রেক্ষিতে সাধারণ সম্পাদক পদে স্থিতাবস্থার আদেশ কঠোরভাবে পালন করতে জায়েদ ও নিপুণকে নির্দেশ দেন হাইকোর্টের আপিল বিভাগ। গত ১৪ মার্চ জায়েদ খানের করা অভিযোগের শুনানি শেষে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দিয়েছিলেন।
শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে গত ২ মার্চ জায়েদ খানের পক্ষে রায় দেন হাইকোর্ট। এরপর শপথ নিয়ে চেয়ারে বসেছিলেন তিনি। পরে নিপুণের করা আপিলের প্রেক্ষিতে গত ৬ মার্চ হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। একইসঙ্গে সাধারণ সম্পাদক পদের ওপর চার সপ্তাহের স্থিতাবস্থাও জারি করেন।