Sylhet Today 24 PRINT

ইভ্যালি কাণ্ডে অব্যাহতি পেলেন তাহসান, মিথিলা, শবনম ফারিয়া

সিলেটটুডে ডেস্ক |  ২৭ মার্চ, ২০২২

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলায় তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ পাঁচজনকে অব্যাহতি দিয়েছেন আদালত। রোববার (২৭ মার্চ) দুপুরে ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের আদালত এ আদেশ দেন।

অব্যাহতি পাওয়া অপর দুই অভিযুক্ত হলেন, প্রতিষ্ঠানটির প্রধান বিপনন কর্মকর্তা এস এম আরিফ রেজা হোসাইন ও এক্সিকিউটিভ অপারেশন আবু কায়েস।

তবে ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল, তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোছা. শামীমা নাছরিনসহ চারজনের বিরুদ্ধে পুলিশের দেওয়া চার্জশিট আমলে নিয়েছেন আদালত। চার্জশিটভূক্ত অপর দুই আসামি হলেন- প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মামুন ওরফে আকাশ ও ক্যাটাগরি হেড মোহাম্মদ আবু তাহের ওরফে সাদ্দাম।

এদিন তাহসান, মিথিলা ও শবনম ফারিয়া আদালতে হাজিরা দেন।।

মামলাটির তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার সাব-ইন্সপেক্টর রাজিব হাসান চারজনকে অভিযুক্ত করে এবং ৫ জনকে অব্যাহতির আবেদন করে ২৭ ফ্রেব্রুয়ারি প্রতিবেদন দাখিল করেন।

২০২১ সালের ৪ ডিসেম্বর ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির হয়ে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ নয়জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.