Sylhet Today 24 PRINT

শিগগিরই পদ্মা সেতুতে যান চলাচল শুরু হবে: প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৯ মার্চ, ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘শিগগিরই পদ্মা সেতুতে যান চলাচল শুরু হবে। পদ্মা সেতু চালু হলে দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের যোগাযোগ সমস্যা দূর হবে। উন্নয়ন হবে এসব এলাকার মানুষের। পরিবর্তন আসবে জীবনযাত্রায়।’

পদ্মা সেতুর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে মঙ্গলবার শরিয়তপুরের জাজিরায় ‘শেখ রাসেল সেনানিবাস’-এর উদ্বোধন করে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘দ্বিতীয়বার সরকারে আসার পর আমরা আবার উদ্যোগ নেই। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো ওয়ার্ল্ড ব্যাংক এর অর্থ বন্ধ করে দেয়, একটা মিথ্যে অপবাদ দিয়ে যে, দুর্নীতি হয়েছে। সেটা আমি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করি এবং তাদেরকে বলি এটা প্রমাণ করতে হবে। কিন্তু তারা তা প্রমাণ করতে পারেনি।’

এ বিষয়ে কানাডার আদালতে মামলার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ‘সেই মামলায় এটাই প্রমাণ হয় যে, কোনো দুর্নীতি হয়নি বা দুর্নীতির কোনো সম্ভাবনা ছিল না। কাজেই আমি সিদ্ধান্ত নেই, কারও অর্থ না। যেহেতু মিথ্যে অপবাদ দিয়েছে, এর জবাব আমরা দেব। পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে করব। ওইটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। অনেকেই ভেবেছিল এটা আমরা করতে পারব না।’

৭ মার্চের ভাষণে জাতির পিতা বলেছিলেন ‘বাঙালিকে কেউ দাবায়ে রাখতে পারবে না’। সেই প্রসঙ্গ ধরে শেখ হাসিনা বলেন, ‘বাঙালিদের কেউ দাবায়া রাখতে পারে না, পারবে না। আমরা যদি ইচ্ছা করি, অসাধ্য সাধন করতে পারি। সেটা নয় মাসের মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করে প্রমাণ করেছি। আজকে সেই পদ্মা সেতু আমরা নির্মাণ করেছি এবং তার কাজও প্রায় সম্পন্ন।’

দেশবাসীর প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আমি জাতির কাছে কৃতজ্ঞ। সাহসী ভূমিকা এবং সমর্থন পেয়েছি বলেই এটা করা সম্ভব হয়েছে। তাছাড়া আন্তর্জাতিক বন্ধুপ্রতিম দেশও আমাদের সমর্থন দিয়েছে।’

এই সেতু নির্মাণের ফলে দেশের অর্থনীতিতে গতি আসবে বলেও জানান সরকারপ্রধান। তিনি বলেন, ‘এই সেতু নির্মাণের ফলে আমরা মনে করি, আমাদের জিডিপিতে অন্তত আরও এক থেকে দুই ভাগ সংযুক্ত হবে। আমরা উন্নয়নে আরও একধাপ এগিয়ে যেতে পারব। সেটা আমি বিশ্বাস করি।’

এর মধ্য দিয়ে সেনানিবাস সংলগ্ন এলাকার মানুষের জীবন মানের উন্নয়ন হবে বলেও মনে করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আজকের ওই অঞ্চলের উন্নয়ন, এটা দৃশ্যমান। মানুষের কাছেও একটা বিস্ময়। হ্যাঁ, বাংলাদেশ এভাবে উন্নতি করতে পারে। আমরা চাই আমাদের দেশ এগিয়ে যাবে, দেশ আরও উন্নত হবে।’

প্রসঙ্গত, মাওয়া ও জাজিরা দুই প্রান্ত মিলিয়ে ৯ পদাতিক ডিভিশনের অধীনে ৯৯ কম্পোজিট ব্রিগেড হিসেবে গড়ে তোলা হয়েছে এই সেনানিবাস। পদ্মার তীরের ২৩৫ একর জমির ওপর ১৩২০ কোটি টাকা ব্যয়ে সেনানিবাসে তিনটি প্রধান ইউনিট রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.