Sylhet Today 24 PRINT

দক্ষিণ এশিয়ায় করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশ প্রথম: স্বাস্থ্যমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৯ মার্চ, ২০২২

করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় প্রথম বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, দেশ করোনাভাইরাসের ভ্যাকসিন কার্যক্রম এতটা সফল হয়েছে যে বিশ্বের ২০০টি দেশের মধ্যে অষ্টম অবস্থানে রয়েছে। করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় প্রথম স্থান অধিকার করেছে।

মঙ্গলবার (২৯ মার্চ) ষষ্ঠ আন্তর্জাতিক প্লাস্টিক সার্জারি কনফারেন্স এবং বার্ন ইনস্টিটিউটে মুজিব কর্নার ও বঙ্গবন্ধু গ্যালারি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, দেশের মোট জনগোষ্ঠীর ৭৫ ভাগেরও বেশি মানুষকে ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। আর ফ্রন্টলাইনারদের প্রায় ৯৭ থেকে ৯৮ শতাংশ লোক ভ্যাকসিনেটেড হয়েছে।

তিনি বলেন, আমরা এখন পর্যন্ত সাড়ে ২৯ কোটি ডোজ ভ্যাকসিন পেয়েছে। ইতোমধ্যে সাড়ে ২৩ কোটি ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। দেশের মোট জনগোষ্ঠীর ৭৫ ভাগেরও বেশি মানুষকে ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। আর ফ্রন্টলাইনারদের প্রায় ৯৭ থেকে ৯৮ শতাংশ লোক ভ্যাকসিনেটেড হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে করোনায় মৃত্যু প্রায় শূন্যের কোটায়, সংক্রমণের হারও এক শতাংশের নিচে নেমে এসেছে। দেশে এখন করোনা নিয়ন্ত্রণে আছে, নিয়ন্ত্রণে রাখা হবে। করোনা নিয়ন্ত্রণে রাখতে তিনি সবাইকে নিয়মিত মাস্ক পরতে এবং টিকা নেওয়ারও আহ্বান জানান।

স্বাস্থ্যমন্ত্রী জানান, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ১ লাখ মানুষ ওপিডি-তে (আউট পেশেন্ট ডিপার্টমেন্ট) সেবা নিয়েছেন। আর এই ইনস্টিটিউটে এখন পর্যন্ত ১০ হাজার জনের অপারেশন হয়েছে এবং জরুরি সেবা নিয়েছে ১৩ হাজার ৫০০ লোক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.