Sylhet Today 24 PRINT

রোজায় সিএনজি স্টেশন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত বন্ধ

সিলেটটুডে ডেস্ক |  ৩০ মার্চ, ২০২২

রোজায় সারাদেশে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে দেশের সব সিএনজি স্টেশন আরও এক ঘণ্টা বেশি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

নতুন এ সিদ্ধান্ত অনুযায়ী, রমজানে প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত ৬ ঘণ্টা দেশের সব সিএনজি স্টেশন বন্ধ থাকবে। রোজার প্রথম দিন থেকে নতুন এ সময়সীমা কার্যকর হবে।

বুধবার (৩০ মার্চ) বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার আসন্ন পবিত্র রমজান মাসের শুরু থেকে ঈদুল ফিতর পর্যন্ত বিকেল ৫টা হতে রাত ১১টা পর্যন্ত অর্থাৎ মোট ৬ ঘণ্টা সব সিএনজি স্টেশন হতে গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সরকারি এ সিদ্ধান্ত অনুযায়ী সারাদেশে সিএনজি স্টেশনগুলোকে উল্লিখিত সময়সূচি অনুযায়ী গ্যাস সরবরাহ বন্ধ রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সিদ্ধান্ত বাস্তবায়নে গ্যাস বিতরণ কোম্পানির ভিজিল্যান্স টিমগুলো নিয়মিত মনিটরিং করবে। সিদ্ধান্ত অমান্যকারী সংশ্লিষ্ট সিএনজি স্টেশনের বিরুদ্ধে বাংলাদেশ গ্যাস আইন-২০১০ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জনসাধারণের সাময়িক এ অসুবিধার জন্য পেট্রোবাংলার বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.