সিলেটটুডে ডেস্ক | ০১ এপ্রিল, ২০২২
জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে মিরপুর স্টেডিয়ামে আয়োজিত কনসার্টে সরকারি নীতিমালা লঙ্ঘন করে বিকৃতভাবে জাতীয় সংগীত পরিবেশনের প্রতিবাদ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
বৃহস্পতিবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে এই অভিযোগ করা হয়।
বিবৃতিতে বলা হয়েছে, আমরা ক্ষুব্ধতার সঙ্গে লক্ষ্য করছি যে, গত ২৯ মার্চ ২০২২ বাংলাদেশ ন্যাশনাল এন্থেম, ফ্ল্যাগ অ্যান্ড এমব্লেম অর্ডার ১৯৭২ এবং ন্যাশনাল এন্থেম রুলস এমেন্ডড ২০২২ এবং প্রচলিত গায়ন রীতি উপেক্ষা করে মিরপুর স্টেডিয়ামে জাতীয় সংগীত পরিবেশন করা হয়েছে। সেদিনের পরিবেশনায় নিয়ম বহির্ভূতভাবে প্রিলুড সংযোজন, কণ্ঠ হারমোনাইজ করা, পুরুষ ও মহিলা কণ্ঠ আলাদাভাবে ডুয়েট গানের মতো গাওয়া এবং জাতীয় সংগীত গাওয়ার সময় কোন কোন শিল্পীর হাত নাড়ানো- জাতীয় সংগীতকে অসম্মান ও অবমাননার শামিল।
বিবৃতিতে বলা হয়, এ ন্যক্কারজনক ঘটনায় ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সম্মিলিত সাংস্কৃতিক জোট এই ঘটনার তীব্র নিন্দা জানায় এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায়।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড শিরোনামের কনসার্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কনসার্টের মূল আকর্ষণ ছিলেন অস্কারজয়ী সংগীতশিল্পি এ আর রহমান।