Sylhet Today 24 PRINT

আবৃত্তিশিল্পী হাসান আরিফ মারা গেছেন

সিলেটটুডে ডেস্ক |  ০১ এপ্রিল, ২০২২

আবৃত্তিশিল্পী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ মারা গেছেন।

শুক্রবার (১ এপ্রিল) রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।

জোটের সভাপতি গোলাম কুদ্দুছ হাসান আরিফের মৃত্যুর তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর ১টা ৫০ মিনিটের সময় তিনি মারা যান।

হাসান আরিফ দীর্ঘদিন ফুসফুসের রোগে ভুগছিলেন। করোনায় আক্রান্ত হলে গত বছরের শেষের দিকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। তিনি দীর্ঘদিন ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন।

আবৃত্তিশিল্পী হাসান আরিফের মরদেহ আজ হিমঘরে রাখা হবে। কাল শনিবার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত আরিফের মরদেহ রাখা হবে শহীদ মিনারে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে তার জানাজা হবে।

আবৃত্তিশিল্পী হাসান আরিফ মরদেহ দান করে গেছেন।

হাসান আরিফের জন্ম ১৯৬৫ সালে। আশির দশক থেকে আবৃত্তি চর্চায় যুক্ত হন তিনি। সাংগঠনিক আবৃত্তিচর্চা ও প্রশিক্ষণে তার বিশেষ ভূমিকা রয়েছে। তিনি সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ছিলেন।

হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরিফের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.