Sylhet Today 24 PRINT

সিনিয়র সাংবাদিক ও কলাম লেখকদের সঙ্গে সংলাপে বসছে ইসি

সিলেটটুডে ডেস্ক: |  ০৫ এপ্রিল, ২০২২

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বুধবার বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদক, সিনিয়র সাংবাদিক ও কলাম লেখকদের সঙ্গে সংলাপে বসবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃতাধীন কমিশন।

নতুন কমিশনের ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য পরামর্শ নিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে এই সংলাপ করছে ইসি। সংলাপে আসা সুপারিশগুলো পর্যালোচনা করে নিজেদের কর্মপন্থা ঠিক করবে ইসি। এরপর নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আয়োজন করা হবে।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। বৈঠকে নেতৃত্ব দেবেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। ওইদিন সকাল ১১টায় নির্বাচন ভবনে তৃতীয় ধাপের এ বৈঠক অনুষ্ঠিত হবে।

ইসির কর্মকর্তারা বলছেন, ৩৪ জনের তালিকা তৈরি করে আমন্ত্রণপত্র দেওয়া হয়েছে। এর আগে গত ১৩ মার্চ শিক্ষক সমাজ এবং ২২ মার্চ সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে দুই ধাপে বৈঠক করে ইসি। এসব বৈঠকে আমন্ত্রিতদের বেশিরভাগ অংশগ্রহন করেননি। ধাপে ধাপে নির্বাচন পর্যবেক্ষক, নির্বাচন বিশেষজ্ঞ ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ করবে ইসি।

ইসি সূত্র জানায়, ২৬ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে কাজী হাবিবুল আউয়াল এবং নির্বাচন কমিশনার হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, অবসরপ্রাপ্ত জেলা দায়রা জজ বেগম রাশেদা সুলতানা, সাবেক সিনিয়র সচিব মো. আলমগীর ও মো. আনিছুর রহমানকে নিয়োগ দেন রাষ্ট্রপতি।

২৭ ফেব্রুয়ারি শপথ নিয়ে ২৮ ফেব্রুয়ারি থেকে নির্বাচন ভবনে অফিস শুরু করে হাবিবুল আউয়াল কমিশন। দায়িত্ব গ্রহণ করার পর ট্রেডিশনালি বিভিন্ন মহলের সঙ্গে সংলাপে বসেন ইসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.