Sylhet Today 24 PRINT

পাকিস্তানে এনওসি ছাড়া সরকারি কর্মকর্তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সিলেটটুডে ডেস্ক |  ১০ এপ্রিল, ২০২২

পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে পাকিস্তানে সরকারি কর্মকর্তাদের অনাপত্তিপত্র বা এনওসি ছাড়া দেশত্যাগ বন্ধে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) কর্মীদের সর্বোচ্চ পর্যায়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

রোববার ১০ এপ্রিল পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল মধ্যরাতে পাকিস্তানের পার্লামেন্ট স্পিকার আসাদ কাইসারের পদত্যাগের ঘোষণা ও ইমরানে খানের বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রক্রিয়া শুরুর সময় এই নির্দেশনা দেওয়া হয়।

এতে আরও বলা হয়, পাকিস্তানের সব আন্তর্জাতিক বিমানবন্দরে এফআইএ'র অভিবাসন কর্মীদের সর্বোচ্চ পর্যায়ে সতর্ক রাখার পাশাপাশি এনওসি না নিয়ে দেশ ছাড়তে চাওয়া সরকারি কর্মকর্তাদের আটকে দেওয়ার কথা নির্দেশনায় বলা হয়েছে।

একই সঙ্গে এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্সকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে এবং বিদেশগামীদের তল্লাশি বাড়ানো হয়েছে।

এফআইএ ও বিমানবন্দর কর্মকর্তারা গণমাধ্যমকে বলেছেন, তারা সতর্ক থাকার নির্দেশনা পেয়েছেন। কোনো সরকারি কর্মকর্তাকে এনওসি ছাড়া দেশত্যাগের বাধা দিতে বলা হয়েছে।

এ ছাড়াও, সামরিক শহর রাওয়ালপিন্ডিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.