সিলেটটুডে ওয়েব ডেস্ক | ১১ ডিসেম্বর, ২০১৫
মুক্তিযুদ্ধের চেতনায় সোনার বাংলাদেশ গড়তে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খৃষ্টান, নাস্তিক সবাই মিলে ঐক্যবদ্ধ হব কিন্তু স্বাধীনতা বিরোধী মৌলবাদী জামায়াতিদের সাথে কোন ঐক্য নয়।
সুচিন্তা ফাউন্ডেশন আয়োজিত 'মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় ঐক্য প্রতিষ্ঠা' শীর্ষক এক সমাবেশে এই কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
শুক্রবার রাজধানীর হোটেল সোনারগাঁয়ের হল রুমে আয়োজিত সমাবেশে জয় বলেন, "বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে বাংলাদেশ এখন সমৃদ্ধির পথে, সময় এখন ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার"।
বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ তাঁর কন্যা শেখ হাসিনা সমাপ্ত করে দেশকে রাজাকারমুক্ত করছেন উল্লেখ করে জয় বলেন, "যুদ্ধাপরাধীদের দোসরদের বাদ দিয়ে আসুন আমরা বাকি সবাই মিলে ঐক্যবদ্ধ হই, আমাদের ঐক্যবদ্ধ শক্তিই পারে সন্ত্রাস রুখে দিতে"
তথ্য প্রযুক্তিতে দেশের অগ্রগতির কথা তোলে ধরে জয় বলেন, "যতই চেষ্টা করুন বাংলাদেশকে আর পেছনের দিকে নিতে পারবেন না"।
সুশীল সমাজের সমালোচনা করে প্রধানমন্ত্রী পুত্র বলেন, " সুশীল সমাজ আজ বলেন সব দল মিলে নাকি রাজনৈতিক ঐক্য করতে হবে, তা সে ঐক্য কীভাবে হবে? যুদ্ধাপরাধী দলের সাথে কীভাবে ঐক্য হয়"
তিনি বলেন - "যুদ্ধপরাধী দলের সাথে আওয়ামীলীগের কোন সমঝোতা কখনই সম্ভব নয়"
সমাবেশে আরও বক্তব্য রাখেন, ভাস্কর ও মুক্তিযোদ্ধা ফেরদৌসি প্রিয়ভাষিণী, শহীদ জায়া শ্যামলী নাসরিন, সাবেক ক্রিকেটার ও মুক্তিযোদ্ধা রকিবুল হাসান, মানবতা বিরোধী ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ।
অনুষ্ঠানটি সঞ্চালনে করেন সুচিন্তা ফাউন্ডেশনের উদ্যোক্তা এম আরাফাত।