সিলেটটুডে ডেস্ক | ১০ এপ্রিল, ২০২২
ধর্ম অবমাননার কথিত অভিযোগে করা মামলায় মুন্সিগঞ্জ সদর উপজেলার বিনোদপুর রাম কুমার উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান ও গণিতের শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল কারাগার থেকে মুক্তি পেয়েছেন। রোববার (১০ এপ্রিল) বিকেলে তিনি মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান।
হৃদয় মণ্ডলের আইনজীবী শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালত থেকে জামিনের কাগজপত্র যাচাই শেষে কারা কর্তৃপক্ষ তাকে মুক্তি দিয়েছেন।
এরআগে, রোববার (১০ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা দায়রা জজ ও দায়িত্বপ্রাপ্ত বিচারক মোতাহারাত আখতার ভূঁইয়ার আদালত শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলের জামিন দেন।
গত ২৩ ও ২৮ মার্চ আদালতে হৃদয় মণ্ডলের জামিন চাওয়া হয়েছিল। সে সময় আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন। ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে হৃদয় চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে গত ২২ মার্চ বিদ্যালয়ের অফিস সহকারী মো. আসাদ বাদী হয়ে মামলাটি করেন। তার দুইদিন আগে স্কুল থেকে পুলিশ হৃদয় মণ্ডলকে আটক করে থানায় নিয়ে যায়, এবং মামলার পর তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
প্রসঙ্গত, গত ২০ মার্চ পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির শিক্ষার্থীদের বিজ্ঞান ক্লাস নিচ্ছিলেন হৃদয় মণ্ডল। এ সময় তিনি শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে প্রাসঙ্গিকভাবে বিজ্ঞান ও ধর্ম কথা বলেন। কয়েকজন শিক্ষার্থী মোবাইল ফোনের ক্যামেরায় তার বক্তব্য রেকর্ড করে। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হলে আলোচনা-সমালোচনা শুরু হয়। এ নিয়ে অসন্তোষের জেরে স্কুল ছুটির পর ওই শিক্ষকের বিরুদ্ধে প্রধান শিক্ষকের কাছে লিখিত আবেদন দেয় শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে স্কুল কর্তৃপক্ষ হৃদয় চন্দ্র মণ্ডলকে কারণ দর্শানোর নোটিশ দেয়। কারণ দর্শানোর নোটিশের জবাবের আগেই বহিরাগতদের মিছিলের পর পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।