Sylhet Today 24 PRINT

‘মাদক ব্যবসার জন্য দুঃখিত, লজ্জিত, অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী’

সিলেটটুডে ডেস্ক |  ১১ এপ্রিল, ২০২২

ঠাকুরগাঁওয়ে মাদক মামলায় মো. আবদুল্লাহ (৫০) নামের এক আসামিকে ব্যতিক্রমী সাজা দিলেন আদালত। রায়ে কারাভোগের বদলে তাকে আদালত চত্বরে মাদকবিরোধী প্ল্যাকার্ড হাতে ১০ কর্মদিবস দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত প্রচারণা চালানোর নির্দেশ দেওয়া হয়।

ওই ব্যক্তির নাম মো. আবদুল্লাহ (৫০)। বাড়ি ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার রাউতনগর গ্রামে। মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে আদালতে দোষী সাব্যস্ত হন তিনি। কিন্তু এ জন্য তাকে কারাভোগ করতে হচ্ছে না। ১ বছরের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানার বদলে তাকে পরিবারের সঙ্গে থেকে সংশোধনের সুযোগ দেওয়া হয়। আর ‘মাদক ব্যবসার জন্য আমি দুঃখিত, লজ্জিত, অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী’, ‘মাদক দেশ ও দশের শত্রু, মাদক পরিহার করুন’ লেখা প্লে-কার্ড নিয়ে ১০ কর্মদিবস একঘণ্টা আদালত চত্বরে প্রচারণা চালাতে হবে।।

ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গাজী দেলোয়ার হোসেন রোববার আসামির উপস্থিতিতে এ রায় দেন।

আসামিপক্ষের আইনজীবী জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ২০১৫ সালে আবদুল্লাহর বিরুদ্ধে একটি মাদক মামলা বিচারাধীন ছিল। আজ সেটির রায় ঘোষণা করা হয়। রায়ে আসামিকে অপরাধের শাস্তি হিসেবে ‘মাদক ব্যবসার জন্য দুঃখিত, লজ্জিত, অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী’ লেখা প্ল্যাকার্ড হাতে প্রতিদিন এক ঘণ্টা করে আদালত চত্বরে দাঁড়িয়ে থাকতে বলা হয়েছে।

এর আগে বিচারক আসামি আবদুল্লাহকে দোষী সাব্যস্ত করে এক বছরের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। পরে আদালতের দৃষ্টি আকর্ষণ করে আইনজীবী জানান, আবদুল্লাহ একজন গরিব কৃষক এবং তার দুই মেয়ে পবিত্র কোরআনের হাফেজ। মাদক ব্যবসার জন্য তিনি লজ্জিত এবং এ জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। পরে আদালত আগের রায় বদলে এ রায় ঘোষণা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.