Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে বাঁধ ভাঙার ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি

সিলেটটুডে ডেস্ক |  ১১ এপ্রিল, ২০২২

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, সম্প্রতি সুনামগঞ্জে বাঁধ ভেঙ্গে ফসলের নষ্টের ঘটনায় ৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

আগামী ১০ কর্মদিবসের মধ্যে এই কমিটি তাদের তদন্ত প্রতিবেদন জমা দেবে।

সোমবার (১১ এপ্রিল) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে হাওরে আকস্মিক বন্যা পরিস্থিতি সম্পর্কে সংবাদ সম্মেলনে এ কথা জানান।

গত ১ এপ্রিল থেকে ৬ এপ্রিল পর্যন্ত সুনামগঞ্জে ব্যাপক বৃষ্টিপাত হয়। বৃষ্টির পরিমাণ ছিল ১ হাজার ২০৯ মিলিমিটার। এ কারণে বন্যার সৃষ্টি। এতে ৫ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে আগাম বৃষ্টিপাত হচ্ছে। আমাদের তিনটি স্থানে ভাঙন হয়েছে। ফসলের ক্ষেত্রে ২ লাখ ২৩ হাজার হেক্টর জমিতে ফসল উৎপাদন হয়। ৫ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।

পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে প্রধান করে ৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ১০ দিনের মধ্যে কমিটি প্রতিবেদন দেবে। সুনামগঞ্জের জন্য প্রকল্প প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, প্রকল্প ৫০ কোটির উপর হলে সমীক্ষার প্রয়োজন আছে। সুনামগঞ্জের জন্য প্রকল্প নিয়েছি ৪৯৪ কোটি টাকার। নদী খননের জন্য ১ হাজার ৫৪৭ কোটি টাকার আরেকটি প্রকল্প প্রক্রিয়াধীন। একনেকে পাস হলে নভেম্বরে কাজ শুরু হবে।

তিনি আরও বলেন, আমরা সমস্যাগুলো চিহ্নিত করেছি। আগামী বছর থেকে এ সমস্যা হবে না। আগে এমন সমস্যা হয়নি। এসময় উপমন্ত্রী এনামুল হক শামীম, মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.