Sylhet Today 24 PRINT

জামিন পেলেন বিএনপি নেতা ইশরাক

সিলেটটুডে ডেস্ক |  ১২ এপ্রিল, ২০২২

মতিঝিল থানার নাশকতার মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে বিএনপি নেতা ইশরাক হোসেনের জামিন মঞ্জুর করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত মঙ্গলবার (১২ এপ্রিল) এ আদেশ দেন।

এ তথ্য নিশ্চিত করেছেন ইশরাকের আইনজীবী তাহেরুল ইসলাম।

এর আগে ৫ এপ্রিল দুই বছর আগের মতিঝিল থানার নাশকতার মামলায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাঁকে ঢাকার সিএমএম আদালতে তোলা হয়। আদালত সেদিন তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ২০২০ সালের নভেম্বর মাসে পুলিশের করা মামলার আসামি ইশরাক উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন। জামিনের মেয়াদ শেষে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়। কিন্তু তিনি আত্মসমর্পণ না করায় আদালত তাঁর জামিন আবেদন নাকচ করে দেন।

ইশরাকের আইনজীবী তৌহিদুল ইসলাম বলেন, মতিঝিল থানার মামলায় ঢাকার আদালত ইশরাকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আদালতের পরোয়ানা পেয়ে তাকে গ্রেপ্তার করে আজ আদালতে পাঠায় পুলিশ। আদালত ইশরাকের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার এজাহারের বক্তব্য অনুযায়ী, ২০২০ সালের ১২ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের বিপরীত পাশে অগ্রণী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পুড়িয়ে হত্যার উদ্দেশ্যে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় ইশরাকসহ ৪২ জনের বিরুদ্ধে মতিঝিল থানায় নাশকতার মামলা করে পুলিশ। মামলাটির তদন্ত চলমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.