Sylhet Today 24 PRINT

বর্ষবরণ অনুষ্ঠানে ইভটিজিং রোধে র‌্যাবের মোবাইল কোর্ট

সিলেটটুডে ডেস্ক |  ১৩ এপ্রিল, ২০২২

বাংলা নববর্ষ পহেলা বৈশাখের অনুষ্ঠানকে ঘিরে সুনির্দিষ্ট জঙ্গি হামলাসহ নাশকতার কোনো তথ্য নেই। তবে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (১৩ এপ্রিল) দুপুর একটায় বাংলা নববর্ষ ১৪২৯ বরণ উপলক্ষে রমনা বটমূলে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে শেষে র‌্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এসব তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন, র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন চৌধুরী ও লে. কর্নেল আব্দুল্লাহ আল মোমেন।

ডিজি বলেন, গত দুই বছর আমরা পহেলা বৈশাখের অনুষ্ঠান করতে পারিনি। তবে এবার সীমিত পরিসরে আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানকে ঘিরে পুলিশ, র‌্যাবসহ গোয়েন্দা বাহিনীগুলো সম্মিলিতভাবে কাজ করছে।

তিনি বলেন, সাধারণ মানুষের ইভটিজিংয়ের বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে র‌্যাব। কারণ প্রতিবার যেখানে গেদারিং হয় ওখানে নারীদেরকে হেনস্থা করার ঘটনা ঘটে। এজন্য ইভটিজিং রোধে র‌্যাবের মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

র‌্যাবের পক্ষ থেকে ডগ স্কোয়াট ইউনিট, বোম ডিসপোজাল ইউনিট, কমান্ডো টিম, হেলিকপ্টার টিম, সাদা পোশাকের সদস্য দায়িত্বে নিয়োজিত থাকবে। এছাড়া রমনা লেকে থাকবে নৌবাহিনীর টিম ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.