Sylhet Today 24 PRINT

সন্ত্রাসীদের গুলিতে বাবার কোলে মারা গেল তাসপিয়া

সিলেটটুডে ডেস্ক: |  ১৩ এপ্রিল, ২০২২

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজিপুর ইউনিয়নে সন্ত্রাসীদের গুলিতে বাবার কোলে থাকা জান্নাতুল ফেরদাউস তাসপিয়া নামে এক শিশু নিহত হয়েছে। তার বয়স ৪ বছর। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন তার বাবা মাওলানা আবু জাহের।

বুধবার বিকেল ৪টার দিকে পূর্ব হাজীপুর গ্রামের মালেকার বাপের দোকান এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ ধনু নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

আহত মাওলানা আবু জাহেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি বলেন, ‘পূর্ব হাজিপুর গ্রামের রাশেদ মিয়ার বাড়ির আলম পাশের দূর্গাপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের বাদশার কাছে মাটি বিক্রি করেন। বাদশা চুক্তির চেয়ে অতিরিক্ত মাটি কেটে নিতে চাইলে দুই দিন ধরে উভয় পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

‘এক পর্যায়ে বুধবার বিকেলে বাদশা তার এলাকার রিমনসহ চার থেকে পাঁচজন সন্ত্রাসীকে ভাড়া করে ঘটনাস্থলে নিয়ে আসে। সন্ত্রাসীরা ঘটনাস্থলে এসেই এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এ সময় শিশু সন্তানকে কোলে নিয়ে ঘটনাস্থলে থাকা জাহের ও তার মেয়ে তাসপিয়া গুলিবিদ্ধ হন।’

ওসি বলেন, ‘তাদের উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকা মেডিক্যাল হাসপাতালে স্থানান্তর করে। ঢাকা নেয়ার পথে রাত আটটার দিকে কুমিল্লায় শিশু তাসপিয়ার মৃত্যু হয়।’

ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার অভিযান চলছে জানিয়ে ওসি আরও বলেন, ‘পরে বিস্তারিত জানাব।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.