সিলেটটুডে ডেস্ক | ১৪ এপ্রিল, ২০২২
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃত্যকলা বিভাগের শিক্ষার্থী এলমা চৌধুরীকে হত্যা করা হয়নি। মারপিট সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন। প্রায় চার মাস তদন্তের পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) এ সিদ্ধান্তে পৌঁছেছে।
ডিবির গুলশান বিভাগের উপকমিশনার মশিউর রহমান বলেন, ‘ডিজিটাল-ফরেনসিক প্রমাণের পাশাপাশি আসামি ও অন্য সাক্ষীদের জিজ্ঞাসাবাদ থেকে আমরা নিশ্চিত হয়েছি, এলমা আত্মহত্যা করেছেন। তাকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন স্বামী ইফতেখার আবেদীন, শাশুড়ি শিরিন আমিন ও শ্বশুর মো. আমিন। মারপিট সহ্য করতে না পেরে এলমা আত্মহত্যা করেন।’
প্রসঙ্গত, প্রবাসী স্বামী ইফতেখার আবেদীন (৩৫) কানাডা থেকে দেশে ফেরার তিন দিনের মাথায় গত বছরের ১৪ ডিসেম্বর এলমার (২৬) মৃত্যু হয়। তার শরীরের বিভিন্ন স্থানে জখমের দাগ ছিল।