Sylhet Today 24 PRINT

টোল আদায় নিয়ে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২

সিলেটটুডে ডেস্ক |  ১৪ এপ্রিল, ২০২২

ঝিনাইদহে টোল আদায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই জন। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে কোটচাঁদপুর শহরের চৌগাছা বাস স্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে।

নিহতেরা হলেন, কোটচাঁদপুর শহরের আখকেন্দ্র পাড়ার ফিরোজ হোসেনের ছেলে জীবন হোসেন (২০) এবং উপজেলার এলাঙ্গী গ্রামের আবু তালেবের ছেলে আক্তার হোসেন (২১)।

আহতরা হলেন, সাব্বীর হোসেন ও সোহাগ হোসেন।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মঈন উদ্দিন জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে কোটচাঁদপুর পৌর মেয়র সহিদুজজামান ও সংসদ সদস্য শফিকুল আজম খাঁন চঞ্চল গ্রুপের সদস্যদের মধ্যে পৌর কর আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এসময় চার জন আহত হয়। তাদেরকে স্থানীয়রা কোটচাঁদপুর হাসপাতালে নেওয়া হয়।

নিহত দুজন মেয়র সহিদুজ্জামানের পক্ষের বলে জানা গেছে। স্থানীয়রা জানান দুই গ্রুপের মধ্যে টোল আদায়কে কেন্দ্র করে অনেকদিন ধরেই উত্তেজনা ছিল।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইসরাত জাহান জেরিন জানান, জীবন হোসেন হাসপাতালে আসা মাত্র মারা যান। অবস্থা আশংকাজনক হওয়ায় আক্তারকে যশোর হাসপাতালে রেফার্ড করা হলে পথিমধ্যে তিনি মারা যান। অপর দুইজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

সংঘর্ষের বিষয়ে পৌর মেয়র সহিদুজ্জামানকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি এবং সংসদ সদস্য শফিকুল আজম খাঁন চঞ্চলের ফোন বন্ধ পাওয়া যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.