Sylhet Today 24 PRINT

ট্রেনের শিডিউল বিপর্যয়, দুর্ভোগে যাত্রীরা

সিলেটটুডে ডেস্ক |  ১৪ এপ্রিল, ২০২২

রানিং স্টাফদের কর্মবিরতি ও ধর্মঘটে এবার শিডিউল বিপর্যয়ের মারপ্যাঁচে সাধারণ মানুষ। ফলে দেশব্যাপী চরম দুর্ভোগে যাত্রীরা। ছয় থেকে সাত ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত ট্রেনের দেখা। পরিবার নিয়ে ট্রেনের জন্য কমলাপুর রেলস্টেশনে নিদ্রাহীন রাত কাটিয়েছেন হাজারো মানুষ।

পরিবারের সঙ্গে পহেলা বৈশাখ ও সাপ্তাহিক ছুটি কাটাতে যাবেন গ্রামের বাড়ি। তাই কমলাপুর রেলস্টেশনে মানুষের ভিড়। কিন্তু, ট্রেনের ভয়াবহ শিডিউল বিপর্যয়ে ছুটির আনন্দ অনেকটাই ম্লান। গত বুধবার দুপুরে রেলের রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহার হলেও, তার স্পষ্ট প্রভাব দেখা গেছে গভীর রাতেও।

দিনভর রোজা রেখে ট্রেনের জন্য এই দীর্ঘ অপেক্ষায় হাঁপিয়ে উঠেন যাত্রীরা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন নারী ও শিশুরা। কেউ কেউ ঘুমিয়ে পড়েন প্লাটফরমেই। আর সপরিবারে আসা মানুষজন পড়েছেন আরও বিপাকে।

অনেকের অভিযোগ, ট্রেনের সঠিক সময় জানতে তথ্যকেন্দ্রে গিয়েও মিলছে না উত্তর। এমনকি সময়সূচি পরিবর্তন নিয়ে কোনও এসএমএস বা ঘোষণা দেয়নি রেল কর্তৃপক্ষ।

রাতভর যাত্রীদের এমন ভোগান্তির সমস্যার সমাধান জানতে, স্টেশন ম্যানেজার ও মাষ্টারের কাছ থেকেও মেলেনি কোনও জবাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.