Sylhet Today 24 PRINT

দুর্বৃত্তদের গুলিতে সংবাদকর্মী নিহত

সিলেটটুডে ডেস্ক |  ১৪ এপ্রিল, ২০২২

কুমিল্লার বুড়িচংয়ের শঙ্কুচাইলে দুর্বৃত্তদের গুলিতে মহিউদ্দিন সরকার নাঈম নামে এক সংবাদকর্মী নিহত হয়েছেন। বুধবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৯টায় উপজেলার শঙ্কুচাইল ভারতীয় সীমান্তবর্তী এলাকায় তাকে দুর্বৃত্তরা গুলি করে।

মহিউদ্দিন সরকার নাইম কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া গ্রামের মোশাররফ সরকারের ছেলে। তিনি কুমিল্লার স্থানীয় সংবাদপত্র দৈনিক কুমিল্লার ডাক পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর তার পকেটে ওই সংবাদপত্রের পরিচয়পত্র পায় পুলিশ।

এর আগে তিনি আন্দন টেলিভিশনের কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি ছিলেন।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, স্থানীয়রা ভারতীয় সীমান্তে দুর্বৃত্তের গুলিতে আহত মহিউদ্দিন সরকার নাঈমকে হাসাপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর হোসেন বলেন, সাড়ে ১০টার দিকে মহিউদ্দিনকে হাসপাতালে তাকে নিয়ে আসা হয়। তার শরীরের ৪/৫টি জায়গায় গুলির চিহ্ন রয়েছে। তাকে আমরা মৃত অবস্থায় পাই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.