সিলেটটুডে ডেস্ক | ১১ ডিসেম্বর, ২০১৫
টেলিভিশন অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন আলোচিত ‘মজালস?’র এডমিন চৌধুরী সাহেব। গত বছর সংবাদভিত্তিক টিভি চ্যানেল এটিএন নিউজের ‘ইয়াং নাইট’ অনুষ্ঠানে অংশ নেন।
২০১৪ সালের আগস্ট মাসে বিশ্বব্যাপী শুরু হয় আইস বাকেট চ্যালেঞ্জ। দুরারোগ্য অ্যামায়োট্রফিক ল্যাটেরাল স্কেলরসিসের (এএলএস) বিরুদ্ধে বিশ্বব্যাপী গণ সচেতনতা তৈরি করতে সোশাল মিডিয়ায় অভিনব ক্যাম্পেইন- আইস বাকেট শুরু হয়। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ, মাইক্রোসফটের বিল গেটসসহ বিশ্বের আলোচিত ব্যক্তিত্বরা সে ক্যাম্পেইনে অংশ নেন।
আইস বাকেট চ্যালেঞ্জে উদ্বুব্ধ হয়ে বাংলাদেশেও চালু হয় রাইস বাকেট চ্যালেঞ্জ। এই ক্যাম্পেইনের আইডিয়া ছিল- একজন তার নিজের মাথায় বরফওয়ালা ঠাণ্ডা পানি ঢালবেন, এরপর তিনি আরেকজনকে মনোনীত করবেন এবং তাকে চ্যালেঞ্জ করবেন একই কাজ করার জন্য।
এই আইস বাকেট চ্যালেঞ্জ প্রচারণার কাজে অংশ নিতে প্রথমবারের মতো টিভি পর্দায় আসেন, ‘মজা লস’ পেইজের এডমিন চৌধুরী সাহেব। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের লেট নাইট শো ‘ইয়াং নাইট’-এ তিনি সরাসরি অংশ নেন। এ সময় তার মুখমণ্ডল কালো কাপড়ে ঢাকা ছিল।
অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন আশীফ এন্তাজ রবি। তিনি গণমাধ্যমে বলেন, চৌধুরী সাহেব কালো কাপড়ে মুখ ঢেকে স্টুডিওতে এসেছিলেন। ওই অবস্থায় তিনি শো-তে অংশ নিয়েছিলেন।
রবি আরো জানান, তিনি নিজেও তার চেহারা কখনও দেখেননি। তার পরিচয়ও জানা নেই তার।