Sylhet Today 24 PRINT

মেলা থেকে ফেরার পথে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

সিলেটটুডে ডেস্ক |  ১৬ এপ্রিল, ২০২২

বন্ধুদের সঙ্গে তর্কাতর্কির জেরে মেলা থেকে বাসায় ফেরার পথে ছুরিকাঘাতে মোহাম্মদ ফাহিম (১৫) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে ইমন (১৪) নামে আরও এক কিশোর। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে নগরের পাহাড়তলী থানার ঈদগা কাঁচা রাস্তামাথা এলাকায় একটি চা–দোকানের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ফাহিম নগরের মনসুরাবাদ গণপূর্ত বিদ্যানিকেতনের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। ফাহিম হালিশহর আফজাল ফকির রোডের ধোপা পুকুর পাড়ের বাসিন্দা মো. জহিরের ছেলে।

নগর পুলিশের সহকারী কমিশনার (ডবলমুরিং জোন) আরিফ হোসেন জানান, এ ঘটনায় পাঁচ কিশোরকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান জানান, হালিশহর এলাকায় একটি মেলায় বন্ধুবান্ধবের সঙ্গে যায় ফাহিম। মেলা থেকে ফেরার পথে ফাহিমের সঙ্গে বন্ধুদের তর্কাতর্কি হয়। এ ঘটনার জেরে ফাহিম ও তার বন্ধু ইমনকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় ফাহিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। আর চিকিৎসাধীন রয়েছে ইমন।

ওসি মুস্তাফিজুর রহমান বলেন, ‘এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে রয়েছে।’

চমেক পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, ‘নিহত ফাহিমের মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। আহত তার আরেক সহপাঠী ইমন ২৪ নম্বর ওয়ার্ডের ১৭ নম্বর বেডে ভর্তি আছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.