Sylhet Today 24 PRINT

রাজশাহীতে ছাত্রলীগ নেতাকে ‘র‌্যাব পরিচয়ে’ তুলে নেওয়ার অভিযোগ

সিলেটটুডে ডেস্ক |  ১২ ডিসেম্বর, ২০১৫

‘র‌্যাব পরিচয়ে’ রাজশাহীতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রলীগ নেতাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।  রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট)  ছাত্রলীগ  নেতা মোঃ সাইফুজ্জামান সোহাগকে ‘র‌্যাব পরিচয়ে’ বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে তাঁর পরিবার।

তবে র‌্যাব দাবি করেছে, সোহাগকে ধরতে কোনো অভিযান তারা চালায়নি। আর থানা পুলিশ বলছে, তারাও কিছু জানে না।

‘নিখোঁজ’সোহাগ বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক তিনি। তার বাড়ী রাজশাহী নগরীর রাজপাড়ার তেরোখাদিয়া পশ্চিমপাড়ায়।

সাইফুজ্জামান সোহাগের বাবা আক্কাস উজ জামান বলেন, গত বুধবার রাত ৩টার দিকে ১৫ জনের মতো একটি দল একটি সাদা মাইক্রোবাসে করে এসে র‌্যাব বলে পরিচয় দিয়ে বাড়ির গেট খুলতে বলে।

“আমরা প্রথম দিকে গেট খুলতে চাইনি। অনেক জোরাজুরির পর গেট খোলার সঙ্গে সঙ্গে তারা তিন তলায় আমার ছেলে সোহাগের ঘরে যায় এবং ওর ল্যাপটপ খুলে কী কী আছে দেখতে থাকে।”

আক্কাস বলেন, ওই সময় তাকে এবং তার স্ত্রীকে কয়েকজন মিলে ঘিরে রাখে। তারা কথাও বলতে দেয়নি, ছেলের ঘরেও যেতে দেয়নি।  

কিছুক্ষণ পর ল্যাপটপ ও ক্যামেরাসহ সোহাগকে তারা ধরে নিয়ে যায় বলে অভিযোগ তার বাবার।

“কোথায় নিয়ে যাচ্ছে জানতে চাইলে আমাদের বলেছে, সকালে থানায় খোঁজ করবেন।”

এদিকে সোহাগ বিবাহিত। তাঁর স্ত্রী ঢাকায় মেডিকেল কলেজে পড়েন। সোহাগের শ্বশুর শেখ রেজাউর রহমান দুলাল রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের একজন পরিচালক। শুক্রবার সকালে চেম্বারের সম্মেলন কক্ষে সোহাগের পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে তাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ সাংবাদিকদের জানানো হয়।

সোহাগের নিজ সংগঠক রুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান হিমেল  বলেন, “আমরা ঘটনা শুনেছি। দলের নেতাকর্মীদের খোঁজ নিতে বলেছি। দলের কারও সঙ্গে সোহাগের মনোমালিন্য হয়েছে বলে শুনিনি।”

সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমক

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.