জগন্নাথপুর প্রতিনিধি | ১৭ এপ্রিল, ২০২২
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের নলজুর নদীর ডাক বাংলো সেতু দেবে গেছে।
শুক্রবার রাতে সেতুটি দেবে যায়। ফলে এ সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় জনদুর্ভোগ বেড়েছে।
শনিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, জগন্নাথপুর উপজেলা সদরের জগন্নাথপুর বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া নলজুর নদীর ওপর নির্মিত জরার্জীণ ডাক বাংলো সেতুর মধ্যভাগের তিনটি পিলার নিচের দিকে দেবে গেছে। সেতুর অধিকাংশ স্থানে ফাটল সৃষ্টি হয়েছে। সেতুর দুই পাশের বেশ কয়েকটি রেলিং ভেঙে গেছে।
সেতুর পূর্ব পাড়ের শহীদ মিনার এলাকার স্থানীয় বাসিন্দা বকুল দাস বলেন, সেতুটিতে চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আমাদের দুর্ভোগ বেড়েছে। অনেক জায়গা ঘুরে জগন্নাথপুর বাজারে যেতে হয়।
সেতুর পাশের দোকানদার আফু মিয়া জানান, এ সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিতে ছিল।ঝুঁকি নিয়ে ছোট ও মাঝারি আকারের সবধরনের যান চলাচল করে আসছিল। সম্প্রতিতি নলজুর নদীর খননকালে সেতুর নিচ থেকে মাটি উত্তোলন করায় সেতুটি দেবে গেছে।
আরেক ব্যবসায়ী সুহেল আহমদ বলেন, এ সেতু দিয়ে সদরের নদীর পূর্ব ও পশ্চিম অঞ্চলের শ’ শ’ মানুষ যাতায়াত করে আসছিলেন। সেতুটি দেবে যাওয়ায় প্রশাসনের পক্ষ থেকে সেতুর প্রবেশ মুখে বেরা দিয়ে চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও উপজেলা প্রকৌশলী জানান, ১৯৮৭ সালের দিকে জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের অর্থায়ের নলজুর নদীতে শহীদ মিনারের পাশ সেতু নির্মাণ করা হয়। এই সেতুটি ডাক বাংলার সেতু নামে পরিচিত।
জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনা এড়াতে আমরা সবধরনের যান চলাচল বন্ধ করে দিয়েছি। নদীর অপর খাদ্যগুদামের সেতু দিয়ে নদীর দুইপাড়ের লোকজনের যোগাযোগ অব্যাহত রয়েছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম বলেন, সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় তিনদিন আগে আমরা যানচলাচল বন্ধ করে দিয়েছি।