Sylhet Today 24 PRINT

আবাসিক হোটেল থেকে নারীর লাশ উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ১৮ এপ্রিল, ২০২২

রাজশাহী নগরের আবাসিক হোটেল থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৭ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে নগরীর লক্ষ্মীপুর এলাকার ড্রিম হ্যাভেন নামের একটি হোটেলের ৪০৩ নম্বর কক্ষে তার লাশ পাওয়া যায়।

নিহত জয়নব বেগম (৪১) নাটোর সদর থানার নারায়নপুর গ্রামের তসির প্রামাণিকের মেয়ে।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, হোটেল কক্ষে নারীর লাশ পড়ে আছে এমন খবর পেয়ে রাত ১১টার দিকে নগরীর লক্ষ্মীপুর ড্রিম হ্যাভেনে যায় পুলিশ। পরে পুলিশ তালা ভেঙে ওই কক্ষে প্রবেশ করে। এরপর সিআইডি সুরতহাল তৈরি করার পর পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করে।

তিনি বলেন,  স্বামী-স্ত্রী পরিচয়ে রোববার সকাল ১০টার দিকে তারা হোটেলে উঠেন। দুপুর দেড়টার দিকে মিজান কক্ষের দরজার বাইরে থেকে তালা দিয়ে চলে যায়। শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে হোটেলে জয়নব বেগমকে ডেকে এনে হত্যা করেছে মিজান। তাদের দুজনের বাড়ি গোদাগাড়ী উল্লেখ রয়েছে। হোটেলের খাতায় তারা ভুয়া নাম ঠিকানা ব্যবহার করেছে। কিন্তু পরে পুলিশ জানতে পারে ওই নারীর বাড়ি নাটোরে। মিজান নাম ব্যবহারকারী ওই ছেলেকে শনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানান ওসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.