Sylhet Today 24 PRINT

যুক্তরাষ্ট্র সফরে গেলেন সেনাপ্রধান শফিউদ্দিন

সিলেটটুডে ডেস্ক |  ১৮ এপ্রিল, ২০২২

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর আমন্ত্রণে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ঢাকা ত্যাগ করেছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সোমবার রাতে ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন। আগামী ২৭ এপ্রিল তার ফেরার কথা।

আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরকালে ২০ থেকে ২২ এপ্রিল পর্যন্ত সেনাবাহিনী প্রধান ওয়াশিংটন ডিসি শহরে পেন্টাগনে মার্কিন সেনাবাহিনীর চিফ অব স্টাফ এবং চিফ অব ন্যাশনাল গার্ডসহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং প্রতিরক্ষা সচিবের কার্যালয়ের ঊর্ধ্বতন বেসামরিক ব্যক্তিবর্গের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এই সফরে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটিতে অবস্থিত ‘নিয়ার ইস্ট সাউথ এশিয়া’ সেন্টারের একজন গ্রাজুয়েট হিসেবে জেনারেল শফিউদ্দিনকে প্রতিষ্ঠানটির হল অব ফেম এ অন্তর্ভুক্ত করা হবে । সেনাপ্রধানের সেখানে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির উপর একটি গোল টেবিল বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৫ ও ২৬ এপ্রিল সেনাবাহিনী প্রধান জাতিসংঘ সদর দপ্তরে ভারপ্রাপ্ত মিলিটারি অ্যাডভাইজার এবং পুলিশ অ্যাডভাইজারসহ ডিপার্টমেন্ট অব সেফটি অ্যান্ড সিকিউরিটি (ইউএনডিএসএস), ডিপার্টমেন্ট অব অপারেশনাল সাপোর্ট (ইউএনডিওএস) এবং ডিপার্টমেন্ট অব পলিটিক্যাল অ্যান্ড পিস বিল্ডিং অ্যাফেয়ার্স (ইউএনডিপিপিএ) এর নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গেও সাক্ষাৎ করবেন জেনারেল শফিউদ্দিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.