Sylhet Today 24 PRINT

আগাম অবসর চান সামিয়া রহমান

সিলেটটুডে ডেস্ক |  ১৮ এপ্রিল, ২০২২

চৌর্যবৃত্তির দায়ে পদাবনতির শাস্তি পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সামিয়া রহমান চাকরির বয়স শেষ হওয়ার আগেই অবসরে যেতে আবেদন করেছেন।

সোমবার বিভাগের সভাপতি অধ্যাপক আবুল মনসুর আহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'সপ্তাহখানেক আগে উনি আরলি রিটায়ারমেন্টে যেতে বিভাগের চেয়ারম্যান বরাবর আবেদন করেছেন। তার আবেদনটি বিভাগ থেকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তরে পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালেয়ের সিন্ডিকেট এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।'

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ের কর্মকর্তারা জানান, চার মাসের অর্জিত ছুটি নিয়ে দেশের বাইরে যান সামিয়া রহমান। গত ৩১ মার্চ তার ছুটির মেয়াদ শেষ হয়েছে। সেই মেয়াদ শেষ হওয়ার আগে মার্চ মাসের শুরুতে তিনি বিনা বেতনে আরও এক বছরের ছুটির জন্য আবেদন করেন। তবে সেটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুমোদন না করার পর তিনি আগাম অবসরের আবেদন করেন।

সামিয়া রহমান ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক হিসেবে নিয়োগ পান। পরে তিনি সহকারী অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পান। তবে তার বিরুদ্ধে গবেষণায় চৌর্যবৃত্তির অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২১ সালের ২৯ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এক ধাপ পদাবনতি দিয়ে সহকারী অধ্যাপক করা হয় তাকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.