Sylhet Today 24 PRINT

বাড়বে না তাপমাত্রা, থাকবে ঝড়-বৃষ্টি

সিলেটটুডে ডেস্ক |  ১৯ এপ্রিল, ২০২২

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার পাশাপাশি বিভিন্ন অঞ্চলে চলমান ঝড়-বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানা গেছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) আবহাওয়া অফিস বিষয়টি নিশ্চিত করেছে।

বৃষ্টি না থাকলেও গত কয়েকদিনের মতো ঢাকার আকাশে মেঘ রয়েছে। সাথে বইছে দমকা বাতাস। অন্যান্য বছর এ সময়ে ঢাকায় বৃষ্টি হয়, এবার বৃষ্টি না থাকায় বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেড়ে গেছে। তাই পারিপার্শ্বিক অবস্থা মিলে ঢাকা, রাজশাহীসহ বিভিন্ন অঞ্চলে অতিরিক্ত গরম অনুভূত হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় ঢাকা ও টাংগাইল অঞ্চলসহ কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া জেলার দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এদিকে রাজশাহী ও পাবনা অঞ্চলের উপর দিয়ে বয়ে চলা মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলেও জানা গেছে।

সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, সিলেট, রংপুর ও খুলনায় কম-বেশি বৃষ্টি হয়েছে। এ সময় সবচেয়ে বেশি ৩৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.