Sylhet Today 24 PRINT

‘স্বপ্নের পদ্মা সেতু’র মূল কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ১২ ডিসেম্বর, ২০১৫

বহুল প্রতিক্ষীত পদ্মা সেতুর মূল অবকাঠামোর নির্মাণ কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

বাংলাদেশের ইতিহাসে নিজস্ব অর্থায়নে সবচেয়ে বড় প্রজেক্ট এটি। নির্মাণের পর এই সেতু হতে যাচ্ছে বিশ্বের তৃতীয় বৃহত্তম সেতু।

স্পিড বোটে করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাওয়ায় পদ্মা সেতুর ৭ নম্বর পিলারের কাছে মূল সেতুর কাজের উদ্বোধন করেছেন। এ উপলক্ষে সেতুর দুই প্রান্ত মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

শনিবার বেলা ১১টা ১৬ মিনিটে নাওডোবায় নবনির্মিত হেলিপ্যাডে এসে পৌঁছায় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার। হেলিকপ্টার থেকে নেমেই মঞ্চের পাশে অবস্থিত একটি ফলক উন্মোচনের মধ্য দিয়ে পদ্মা সেতু প্রকল্পের মূল কাজ নদী শাসনের কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর পর মোনাজাতে পদ্মা সেতু প্রকল্পের সফলতা কামনা করেন তিনি।

সরকার আশা করছে, ছয় দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতু আগামী তিন বছরের মধ্যে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া যাবে। দ্বিতল সেতু দিয়ে  ট্রেনও চলবে।

পদ্মা সেতুর মূল কাজের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আবদুল কাদের বলেন, ইতিমধ্যে প্রকল্পের ২৭ শতাংশ কাজ হয়েছে। এর মধ্যে সেতুর কাজের ১৭ দশমিক ২৭ শতাংশ, নদীশাসন কাজের ১৩ শতাংশ এবং উভয় প্রান্তে সংযোগ সড়কের প্রায় ৬০ শতাংশ সম্পন্ন হয়েছে। পদ্মা সেতুতে মোট পিলার থাকবে ৪২টি। এর মধ্যে ৪০টি পিলার থাকবে নদীর ভেতরের অংশে। দুটি থাকবে দুই প্রান্তে সংযোগ সেতুতে। নদীর ভেতরের ৪০টি পিলারের প্রতিটিতে ছয়টি করে পাইল করা হবে। এ জন্য মোট ২৪০টি পাইল করতে হবে। সংযোগ সেতুর দুটি পাইলে ১২টি করে ২৪টি পাইল করতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.