Sylhet Today 24 PRINT

মামলা করেছে নাহিদের পরিবার

সিলেটটুডে ডেস্ক |  ২১ এপ্রিল, ২০২২

রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহত যুবক নাহিদ হাসানের পরিবার নিউমার্কেট থানায় হত্যা মামলা দায়ের করেছে।

বুধবার রাত সাড়ে ১২টার দিকে ডিএমপির রমনা বিভাগের নিউমার্কেট জোনের সহকারী কমিশনার (এসি) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, নাহিদের বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে।

গত মঙ্গলবার রাজধানীর নিউমার্কেটে ঢাকা কলেজের শিক্ষার্থী ও দোকান কর্মীদের মধ্যে সংঘর্ষে নিহত হন নাহিদ হাসান (২০)।

বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নাহিদের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এরপর তার লাশ দাফন করা হয় আজিমপুর কবরস্থানে। মাস ছয়েক আগে তরুণ নাদিম বিয়ে করেন। পরিবার নিয়ে তিনি কামরাঙ্গীরচরে বসবাস করতেন। এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের একটি কম্পিউটার সরঞ্জামের দোকানে ডেলিভারিম্যানের কাজ করতেন নাহিদ।

মঙ্গলবার সকালে কামরাঙ্গীরচরের রনি মার্কেট সংলগ্ন এলাকার বাসা থেকে বের হয়ে নিউমার্কেট হয়ে মাল্টিপ্ল্যান সেন্টারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। কিন্তু নুরজাহান মার্কেটের সামনে সংঘর্ষের মধ্যে পড়ে গুরুতর আহত হন নাহিদ। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে মঙ্গলবার রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

নাহিদের বাবা বলেন, সংসারে অভাব-অনটনের কারণে কিশোর বয়স থেকেই পরিবারের হাল ধরার চেষ্টা করে ছেলে। বেশিদূর লেখাপড়া করা হয়নি। প্রাথমিকের গণ্ডি পেরিয়েছে। এক সময় কাপড়ের দোকানে বিক্রয়কর্মী হিসেবেও কাজ করত। ধীরে ধীরে সংসারের অভাবের বোঝাটা হালকা করার দায়িত্ব নিচ্ছিল। এর মধ্যে এত বড় অঘটন। ছেলের বউটাকে কীভাবে সামলাব। তাকে কী জবাব দেব। কাজে যাওয়ার পথে এমন মৃত্যু! শুনেছি অনেকে মিলে ওকে বেদম পিটিয়েছে। ও তো কোনো পক্ষের লোক না। নিউমার্কেটের হকারও না, কলেজের ছাত্রও না। এসব বলতে বলতে হাউমাউ করে কেঁদে ফেলেন তিনি।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রক্তাক্ত অবস্থায় নুরজাহান মার্কেটের সামনে পড়ে থাকতে দেখে পথচারীরা নাহিদকে উদ্ধার করে মেডিকেলে নেয়। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। তার মাথায় চারটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। শরীরের বিভিন্ন অংশে ফোলা ও জখম ছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.