Sylhet Today 24 PRINT

নিউ মার্কেটে সংঘর্ষ: তিন মামলায় আসামি সহস্রাধিক

সিলেটটুডে ডেস্ক |  ২১ এপ্রিল, ২০২২

রাজধানীর নিউমার্কেট এলাকায় দোকান মালিক ও কর্মীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা হয়েছে। এতে অজ্ঞাতপরিচয় প্রায় ১৪ শ জনকে আসামি করা হয়েছে।

এর মধ্যে বিস্ফোরণ, দাঙ্গা-হাঙ্গামা, জ্বালাওপোড়াও, পুলিশের কাজের বাধা দেওয়ার অভিযোগ দুটি মামলা করেছেন নিউমার্কেট থানার এসআই মেহেদী হাসান ও পরিদর্শক (তদন্ত) ইয়ামিন কবির।

অন্যদিকে সংঘর্ষের মধ্যে পড়ে নিহত নাহিদ মিয়ার চাচা মো. সাঈদ হত্যার অভিযোগ এনে অন্য মামলাটি দায়ের করেছেন।

নিউমার্কেট থানার এসআই শাহ আলম জানিয়েছেন, বুধবার রাতেই মামলা তিনটি রেকর্ড করা হয়।

তিনি বলেন, মেহেদী হাসানের মামলায় আসামি ১৫০ থেকে ২০০ জন, সাঈদের মামলায় ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। আর ইয়ামিন কবিরের করা মামলায় ২৪ জনের নাম উল্লেখ করে নিউ মার্কেটের অজ্ঞাতপরিচয় ২০০ থেকে ৩০০ ব্যবসায়ী ও কর্মী এবং ৬০০-৭০০ কলেজ শিক্ষার্থীকে আসামি করা হয়েছে।

গত সোমবার রাতে নিউমার্কেটের একটি খাবারের দোকানে ঢাকা কলেজের কয়েকজন ছাত্র মারধরের শিকার হওয়ার পর রক্তক্ষয়ী ওই সংঘর্ষের সূত্রপাত হয়েছিল।

মঙ্গলবার দিনভর চলা এই সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হন। তাদের মধ্যে নাহিদ মিয়া (১৮) নামের এক পথচারীকে কুপিয়ে হত্যা করা হয়। সংঘর্ষের মধ্যে ইটের আঘাতে আহত মোরসালিন নামের এক দোকান কর্মচারীও ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা গেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.