Sylhet Today 24 PRINT

ছাত্র-ব্যবসায়ীর সংঘর্ষে মারা গেলেন আরও একজন

সিলেটটুডে ডেস্ক |  ২১ এপ্রিল, ২০২২

নিউমার্কেটে ব্যবসায়ী ও ঢাকা কলেজের ছাত্রদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মোরসালিন (২৭) নামের আরও এক যুবক মারা গেছেন। তিনি নিউ সুপার মার্কেটে একটি জামার দোকানে চাকরি করতেন। এ নিয়ে এই সংঘর্ষের ঘটনায় দুজন মারা গেলেন।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) ভোর ৪টা ৩৬ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোরসালিন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি জানান, মৃত মোরসালিনের মাথায় আঘাত ছিল। ঘটনার দিন থেকেই তার অবস্থা আশঙ্কাজনক ছিল।

মোরসালিন কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার কানাইনগর গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে। বর্তমানে স্ত্রী ও দুই সন্তান নিয়ে কামরাঙ্গীরচরের পশ্চিম রসুলপুরে ভাড়া থাকতেন।

মোরসালিনের স্ত্রী অনি আক্তার মিতু বলেন, ‘মোরসালিন ঢাকা নিউ সুপার মার্কেটে একটি জামার দোকানে চাকরি করতেন। ঘটনার দিন সংবাদ পাই যে তিনি আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি আছেন। পরে হাসপাতালে এসে আমরা তাকে অচেতন অবস্থায় পাই। আমার এক ছেলে ও এক মেয়ে। বড় মেয়ে হুমায়রা ইসলাম লামহা (৭) ও ছেলে আমির হামজা (৪)। দুই ভাই ও এক বোনের মধ্যে মোরসালিন ছিলেন দ্বিতীয়।’

গত মঙ্গলবার সংঘর্ষের সময় নুরজাহান মার্কেটের সামনে থেকে আহত অবস্থায় মোরসালিনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন  শাকিল নামের আরেক দোকান কর্মচারী। শাকিল জানিয়েছিলেন, সংঘর্ষের সময় নুরজাহান মার্কেটের সামনের রাস্তায় মাথায় ইটের আঘাত লেগে রাস্তায় পড়ে ছিলেন মোরসালিন। পরে রিকশায় করে তাকে হাসপাতালে নিয়ে আসেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.