Sylhet Today 24 PRINT

মা-ছেলেকে আটকের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৫ এপ্রিল, ২০২২

আন্দোলনকারী ও সমাজকর্মী সৈয়দা রত্না ও তার ছেলে ঈসা আব্দুল্লাহকে কেনো আটক্ম কএরা হয়েছিল সেই ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেছেন, কলাবাগানে মা-ছেলে লাইভে এসে অসঙ্গতিপূর্ণ তথ্য প্রচার করছিল। সেজন্য তাদের বারবার নিবৃত করার চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনী। এক পর্যায়ে যখন থামাতে পারেনি তখন তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছিল।  জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

সোমবার (২৫ এপ্রিল) দুপুরে তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজে ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের সময় যেখানে খেলাধুলা করতাম সেই অবস্থা এখন আর নেই।  আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমরা কষ্ট বোধ করি। ঢাকার ডিসি (জেলা প্রশাসক) মাঠের জায়গাটি খাস জমি বলে চিহ্নিত করে বরাদ্দ দিয়েছে কলাবাগান থানাকে। সব প্রক্রিয়া শেষে যখন ভবন নির্মাণ প্রক্রিয়া শুরু হয় তখন খেলার মাঠ রাখার দাবিতে অনেকে কথা বলেছেন।

তিনি বলেন, আমরা মনে করি খেলার মাঠে বাচ্চারা খেলাধুলা করবে এটাই স্বাভাবিক। খেলার মাঠের ব্যবস্থা যেমন করতে হবে আবার আইনশৃঙ্খলা বাহিনীরও থানার জন্য জায়গাটা জরুরি।  জায়গাটায় কী করা যায়, এটা আমরা পরে আলোচনা করে সিদ্ধান্ত নেব।

রোববার (২৪ এপ্রিল) রাতে রাজধানীর কলাবাগানে তেঁতুলতলা মাঠ রক্ষার অন্যতম আন্দোলনকারী ও সমাজকর্মী সৈয়দা রত্না ও তার ছেলে ঈসা আব্দুল্লাহকে (১৭) গ্রেপ্তারের প্রায় ১২ ঘণ্টা পর ছেড়ে দিয়েছে পুলিশ। ওইদিন সকালে মাঠে কলাবাগান থানা ভবনের নির্মাণকাজ শুরু হলে সৈয়দা রত্না ফেসবুক লাইভে এসে প্রতিবাদ জানালে তাকে ও তার ছেলেকে আটক করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.