Sylhet Today 24 PRINT

জন্মভূমি সিলেটে চিরনিদ্রায় শায়িত হবেন মুহিত

সিলেটটুডে ডেস্ক |  ৩০ এপ্রিল, ২০২২

সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ভাষা সৈনিক আবুল মাল আবদুল মুহিতের মরদেহ জন্মভূমি সিলেটে নেয়া হবে বলে জানা গেছে।

শনিবার (৩০ এপ্রিল) বিকেলে আকাশপথে তার মরদেহ সিলেটে নেয়া হবে। সেখানে জানাজা শেষে তাকে দাফন করা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ শাখা জানায়, মুহিতের প্রথম জানাজা শনিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় ঢাকার গুলশান আজাদ মসজিদে সম্পন্ন হয়। তার দ্বিতীয় জানাজা সংসদ প্লাজায় হওয়ার কথা রয়েছে।

সেখান থেকে দুপুর তার মরদেহ নিয়ে যাওয়া হবে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সর্বস্তরের মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানাবেন।

এরপর বিকালে সড়কপথে মুহিতের মরদেহ নিয়ে আসা হবে সিলেটে। সিলেটেই তার দাফন সম্পন্ন হবে। তবে সিলেটে তার জানাজার সময় ও স্থান এখনও নির্ধারণ হয়নি।

এর আগে শুক্রবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন থেকে মৃত্যুবরণ করেন আবুল মাল আবদুল মুহিত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

গত বছর জুলাইয়ে করোনাভাইরাসে আক্রান্ত হন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সে সময় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নেন তিনি। ঢাকার গ্রিন লাইফ হাসপাতালেও চিকিৎসাধীন ছিলেন সাবেক অর্থমন্ত্রী।

১৯৩৪ সালের ২৫ জানুয়ারি সিলেটে আবুল মাল আবদুল মুহিতের জন্ম। অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিত ১২টি বাজেট উপস্থাপন করেন, যার ১০টি ছিল আওয়ামী লীগ সরকারের আমলে।

তিনি আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য। তার ছেড়ে দেওয়া আসন থেকে গত নির্বাচনে জয়ী হন ছোট ভাই ড. এ কে আব্দুল মোমেন। এরপর এ কে আব্দুল মোমেন দেশের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.