Sylhet Today 24 PRINT

কেন্দ্রীয় শহীদ মিনারে মুহিতকে শেষ শ্রদ্ধা

সিলেটটুডে ডেস্ক |  ৩০ এপ্রিল, ২০২২

কেন্দ্রীয় শহীদ মিনারে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।

শনিবার (৩০ এপ্রিল) সকালে রাজধানীর গুলশানে প্রথম জানাজার পর দুপুর ১২টার দিকে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়।

সেখানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মুহিতকে শ্রদ্ধা জানানো হয়। আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা জানান দলের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ ছাড়াও, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা তার প্রতি শ্রদ্ধা জানান।

এর আগে, গুলশান আজাদ মসজিদে সকাল ১১টা ৬ মিনিটে নানা শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে মুহিতের প্রথম জানাজা সম্পন্ন হয়।

তবে জাতীয় সংসদ প্লাজায় সাবেক এই অর্থমন্ত্রীর দ্বিতীয় জানাজা স্থগিত করা হয়েছে।

কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানো শেষে দুপুর দেড়টার দিকে মুহিতের মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে। সেখানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

এরপর মুহিতের মরদেহ বনানীর বাসার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে দাফনের জন্য মরদেহ নেওয়া হবে তার জন্মস্থান সিলেটে।

আবুল মাল আবদুল মুহিত গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.