Sylhet Today 24 PRINT

৪ দিনে ঢাকা ছেড়েছেন ৭৩ লাখ মোবাইল সিম ব্যবহারকারী

সিলেটটুডে ডেস্ক: |  ০১ মে, ২০২২

গত ৪ দিনে ঢাকা ছেড়েছেন ৭৩ লাখ মোবাইল সিম ব্যবহারকারী। এর মধ্যে, ২৯ ও ৩০ এপ্রিল ৪৩ লাখ ৯ হাজার মোবাইল সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন। তার আগের ২ দিনে প্রায় ৩০ লাখ সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার তার ভেরিফায়েড ফেসবুক পেজে ঢাকা ছেড়ে যাওয়া মোবাইল অপারেটরদের গ্রাহকের এই হিসাব তুলে ধরেছেন। এতে দেখা যায়, ২৯ এপ্রিল ঢাকা ছেড়ে যাওয়া মোবাইল গ্রাহকদের সঙ্গে থাকা সিমের সংখ্যা ছিল ১৯ লাখ ৩২ হাজার ৯৯০টি। এর পরের দিন এই সংখ্যা বেড়ে হয় ২৩ লাখ ৭৬ হাজার ২২৬।

মোস্তাফা জব্বার বলেন, ঢাকা ছেড়ে যাওয়া মোবাইল ব্যবহারকারীদের সেবা নির্বিঘ্ন করতে অপারেটরদের নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা গ্রাহকদের ঢাকার বাইরে যাওয়ার তথ্য সংগ্রহ করব এবং সে অনুযায়ী ব্যবস্থা নেব।

তিনি আরও বলেন, মোবাইল অপারেটরদের উচিত হবে গ্রাহকরা ছুটিতে যেসব এলাকায় গিয়েছেন সেখানে ব্যান্ডউইথ বাড়ানো। এই তথ্য থেকে আরও বোঝা যাচ্ছে যে অপারেটরদের শুধু রাজধানীতেই নেটওয়ার্ক শক্তিশালী করার কাজ সীমাবদ্ধ রাখা যাবে না।

আজ রোববার ও আগামীকাল সোমবার তথ্য পাওয়ার পর মানুষের ঢাকা ছাড়ার চিত্র আরও স্পষ্টভাবে পাওয়া সম্ভব হবে, যোগ করেন তিনি।

এর আগে গত বছর ঈদুল আজহার ছুটিতে ঢাকা ছেড়েছিলেন প্রায় ১ কোটি ৫ লাখ মোবাইল সিম ব্যবহারকারী।

উল্লেখ্য, একজন গ্রাহকের একাধিক সিম থাকতে পারে। ফলে সিমসংখ্যা দিয়ে ঢাকা ছাড়া মানুষের প্রকৃত সংখ্যা বোঝা যায় না। এছাড়া মোবাইল ফোন ব্যবহার করেন না এমন ব্যক্তি ও শিশুদের সংখ্যাও এর মাধ্যমে নির্ধারণ করা যায় না।

বিটিআরসির হিসাবে, এ বছরের মার্চ মাসে দেশে মোবাইল সংযোগের সংখ্যা ছিল ১৮ কোটি ২৯ লাখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.