Sylhet Today 24 PRINT

দেশের বিভিন্ন স্থানে ঈদুল ফিতর উদযাপন

সিলেটটুডে ডেস্ক: |  ০১ মে, ২০২২

দেশের আগাম ঈদের প্রবক্তা চাঁদপুরের হাজীগঞ্জের সাদ্রা দরবার শরীফসহ উক্ত দরবারের অনুসারীরা ঈদ উল ফিতর উদযাপন করছেন। বিশ্বের যে কোন স্থানে চাঁদ দেখা গেলেই ঈদ উদযাপিত হবে বলে দাবী করেন সাদ্রা দরবার শরীফের অনুসারীরা।

রোববার (১ মে) সকাল ১০টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় সাদ্রা হামিদিয়া ফাযিল মাদ্রাসা মাঠে। ঈদের জামাতের ইমামতি করেন সাদ্রা দরবার পীর আল্লামা জাকারিয়া চৌধুরী আল মাদানী।

জেলার হাজীগঞ্জের সাদ্রা সমেশপুর, অলিপুর, উচ্চঙ্গা, প্রতাপপুর, রামচন্দ্রপুর, বলাখাল, ফরিদগঞ্জ উপজেলার ঘড়িহানা, মুন্সীরহাট, চান্দ্রাসহ জেলার প্রায় ৪০ গ্রামে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

এছাড়া একই অনুসারীগনের মধ্যে পটুয়াখালী, দিনাজপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, জামালপুর, মুন্সীগঞ্জ, মৌলভীবাজার, নোয়াখালী ও বরিশালের কিছু এলাকায় পালিত হচ্ছে বলে দাবী করেন সাদ্রা দরবার শরীফের পীর আরিফ চৌধুরী।

চাঁদ দেখা সাপেক্ষে, নাইজার, মালি, আফগানিস্তান প্রভৃতি দেশে চাঁদ দেখা যাওয়া সাপেক্ষে রোববার ঈদুল ফিতর পালিত হচ্ছে।

সাদ্রা দরবার শরীফের পীর মাওলানা আরিফ চৌধুরী বলেন, 'আমরা মুসলিম বিশ্বের সঙ্গে মিল রেখে আজ ঈদ করছি। আমরা নির্ধারিত কোনো দেশকে ফলো করি না। আরব বিশ্বের কোথাও চাঁদ দেখা গেলে তা বিশ্বাসযোগ্য হলে আমরা রোজা পালন এবং ঈদ উদযাপন করি, যদি সেটি আমাদের কাছে নির্ভরযোগ্য মনে হয়।'- খবর একাত্তর টিভি অনলাইনের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.