Sylhet Today 24 PRINT

মিয়ানমারের ভূমিকম্পে কেঁপেছে পার্বত্য অঞ্চল

সিলেটটুডে ডেস্ক |  ০২ মে, ২০২২

মিয়ানমারের ফালাম শহরে আঘাত হেনেছে ৪ দশমিক ৯ মাত্রার এক ভূমিকম্প। এর প্রভাব অনুভূত হয়েছে বাংলাদেশের দক্ষিণ-পূর্বের পার্বত্যাঞ্চলেও। বাংলাদেশ সময় গতকাল রোববার রাত ৯টা ১৫ মিনিটে আঘাত হানে এ ভূকম্পন।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমারের মনিওয়া শহর থেকে ১১৫ কিলোমিটার পশ্চিম-উত্তরপশ্চিমে। কেন্দ্রের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৮০ কিলোমিটার গভীরে।

ইএমএসসি অবশ্য প্রথমে ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৫ দশমিক ২ বলে জানিয়েছিল। পরে সংশোধন করে ৪ দশমিক ৯ জানানো হয়েছে।

ভূমিকম্পটি মিয়ানমারে চার থেকে পাঁচ সেকেন্ড স্থায়ী হয়েছিল বলে জানা গেছে। এর প্রভাব বাংলাদেশেও অনুভূত হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন অনেকে। প্রতিবেশী ভারতীয় রাজ্য মিজোরামও এতে কেঁপে উঠেছিল বলে জানিয়েছেন বাসিন্দারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.