Sylhet Today 24 PRINT

বনানীতে স্বজনদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০৪ মে, ২০২২

ঈদের মধ্যে ঢাকার বনানী কবরস্থানে পরিবারের সদস্যদের কবর জিয়ারত করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব-১ এম এম ইমরুল কায়েস জানান, বোনকে নিয়ে বুধবার সকালে বনানী কবরস্থানে যান শেখ হাসিনা। তারা পরিবারের সদস্যদের কবর জিয়ারত ও দোয়া করেন।

এরপর তারা ১৯৭৫ সালের ১৫ অগাস্ট নিহত জাতির পিতার পরিবারের সদস্যদের কবরে গোলাপের পাপড়ি ছিটিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

১৯৭৫ সালের ১৫ অগাস্ট সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিকের হাতে সপরিবারে জীবন দিতে হয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক, তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

সেই রাতে ঘাতকরা বঙ্গবন্ধু ছাড়াও তার স্ত্রী ফজিলাতুন নেছা মুজিব, তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল, শেখ জামালের স্ত্রী রোজী জামাল, বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ নাসেরসহ পরিবারের ১৮ সদস্যকে হত্যা করে।

এদের মধ্যে বঙ্গবন্ধু ছাড়া বাকি সবার কবর বনানী কবরস্থানে। বঙ্গবন্ধুকে সমাহিত করা হয় গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায়।

তখন বিদেশে থাকায় বেঁচে যান বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.