সিলেটটুডে ডেস্ক | ০৪ মে, ২০২২
বরিশাল-পটুয়াখালী মহাসড়কে থ্রি হুইলার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিরব ও লিমন নামের দুই যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী সুমন নামের এক যুবক।
মঙ্গলবার (৩ মে) দিনগত রাত ১২টার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের কাঠেরঘর এলাকায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত যুবককে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহতরা হলেন- বরিশাল নগরের ২৯ নম্বর ওয়ার্ডের শাহপরান সড়কের বাসিন্দা শাহজাহান মৃধার ছেলে নিরব (২৫) এবং একই এলাকার নাছির হাওলাদারের ছেলে লিমন (২০)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিরব তার মোটরসাইকেলে দুই বন্ধু লিমন ও সুমনকে নিয়ে বরিশালের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের কাঠেরঘর এলাকায় বিপরিত দিক অর্থাৎ বরিশাল থেকে যাত্রী নিয়ে যাওয়া একটি বেপরোয়া গতির আলফার (থ্রি হুইলার) সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিরব নিহত হন এবং গুরুতর আহত লিমন ও সুমনকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৫ মিনিট চিকিৎসা নেওয়ার পরে লিমনও মারা যান। তাদের সঙ্গী সুমনের অবস্থাও আশঙ্কাজনক। বরিশাল শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম সত্যতা নিশ্চিত করেছেন।
নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কিন্তু এর আগেই নিহত দুইজন এবং আহত যুবককে উদ্ধার করে বরিশালে নেওয়া হয়েছে।