Sylhet Today 24 PRINT

গৌহাটিতে হতে পারে মোমেন-জয়শঙ্করের দ্বিপক্ষীয় বৈঠক

সিলেটটুডে ডেস্ক |  ০৪ মে, ২০২২

বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক চলতি মাসে আসামের রাজধানী গৌহাটিতে অনুষ্ঠিত হওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। সেখানে বৈঠকটি করতে ভারতের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হলে প্রাথমিকভাবে বাংলাদেশ ওই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে বলে জানা যাচ্ছে।।

সূত্র জানিয়েছে, দুই দেশের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠক চলতি মে মাসে ২৭-২৯ তারিখের মধ্যে গৌহাটিতে হতে পারে।

সূত্র জানায়, শিলং-ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ও থিঙ্কট্যাঙ্ক এশিয়ান কনফ্লুয়েন্স আগামী ২৮ -২৯ মে নদী বিষয়ক একটি আন্তর্জাতিক কনক্লেভের আয়োজন করেছে। এতে যোগ দিচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। এই কনক্লেভে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকেও আমন্ত্রণ জানানো হয়েছে। সে কারণে সেই সময়ে বৈঠকটি করতে আগ্রহী ভারত।

এছাড়া বাংলাদেশের কাছে উত্তর-পূর্বাঞ্চলকে ফোকাস করতে চায় ভারত। গত কয়েক বছর ধরেই এই অঞ্চলের সঙ্গে বাংলাদেশের কানেকটিভিটি বাড়ানোর চেষ্টা চলছে। সে কারণেও সেখানেই বৈঠকের আয়োজন করতে চাইছে দিল্লি।

উল্লেখ্য, গত ২৮ এপ্রিল ঢাকা সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী ড. এস জয়শঙ্কর। সে সময় জয়শঙ্কর মোমেনকে দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দিতে ভারত সফরের আমন্ত্রণ জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.