Sylhet Today 24 PRINT

ইউক্রেনকে গোয়েন্দা সহায়তা দিয়ে রাশিয়ার লক্ষ্য অর্জন থামানো যাবে না: পেসকভ

সিলেটটুডে ডেস্ক: |  ০৫ মে, ২০২২

রাশিয়া বলছে, যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ন্যাটোভুক্ত অন্য দেশগুলো ইউক্রেনকে ‘ধারাবাহিকভাবে’ গোয়েন্দা তথ্য সরবরাহ করছে কিন্তু এ সহায়তা সেখানে মস্কোর সামরিক্ষ লক্ষ্য অর্জন থামাতে পারবে না।

নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ কথা বলেন। খবর রয়টার্সের।

এর আগে নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সহায়তা ইউক্রেনকে রাশিয়ার প্রায় ডজনখানেক জেনারেল হত্যায় সহযোগিতা করেছে।

এ বিষয়ে পেসকভ বলেন, আমাদের সামরিক বাহিনী ভালোভাবে অবগত যে— যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ন্যাটো ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কাছে ধারাবাহিকভাবে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে।

তিনি আরও বলেন, ইউক্রেনকে পশ্চিমাদের অস্ত্র সহায়তা ‘রাশিয়ার অভিযান দ্রুত শেষ করতে অবদান রাখবে না’ এবং একই সময়ে তা লক্ষ্য অর্জনেও বাধা সৃষ্টি করতে সক্ষম হবে না।

রাশিয়া কী পদক্ষেপ নেবে জানতে চাইলে ক্রেমলিনের মুখপাত্র বলেন, এ পরিস্থিতিতে যা প্রয়োজন রাশিয়ার সেনাবাহিনী তা করবে।

ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেওয়ার মাধ্যমে মস্কোর বিরুদ্ধে পশ্চিমারা প্রক্সি যুদ্ধ চালাচ্ছে বলে অভিযোগ করেছে রাশিয়া।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন সম্পর্কে পেন্টাগন ও হোয়াইট হাউস মন্তব্য করা থেকে বিরত ছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.