Sylhet Today 24 PRINT

রেলমন্ত্রীর পদত্যাগ দাবি যাত্রী কল্যাণ সমিতির

সিলেটটুডে ডেস্ক |  ০৮ মে, ২০২২

ট্রেনে রেলমন্ত্রীর আত্মীয় পরিচয় দেওয়া যাত্রীদের জরিমানা করার পর ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলামকে বরখাস্ত করার ঘটনায় রেলমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

রোববার (৮ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এই দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, ‘মন্ত্রণালয় ও দপ্তরসমূহে মন্ত্রীর স্ত্রীদের বেপরোয়া হস্তক্ষেপ ও বেআইনী নির্দেশনা ও তদবির বাণিজ্য বন্ধ করতে হবে। টিকিটবিহীন যাত্রী হিসেবে রেল ভ্রমণরত মন্ত্রীর আত্মীয়কে জরিমানাকারী টিটিই শফিকুল ইসলামের বরখাস্ত আদেশ প্রত্যাহার করে স্বপদে পুর্ণঃবহাল করতে হবে এবং মন্ত্রণালয়ের কাজে স্ত্রীর অনৈতিক নির্দেশনা প্রদানের দায়ে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজনের পদত্যাগ করতে হবে।’

বিবৃতিতে মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘ক্ষমতাসীন সরকারের প্রধানমন্ত্রী দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে যেখানে প্রতিনিয়ত যুদ্ধ করছেন সেখানে কিছু কিছু মন্ত্রীর স্ত্রীদের অবৈধ আদেশ-নির্দেশ পালনের ফলে বিভিন্ন দপ্তরের কাজে অনিয়ম-দুর্নীতি এখন আকাশচুম্বী। দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীরা মন্ত্রীর স্ত্রীদের পৃষ্টপোষকতায় ৮-১০ বছর ধরে স্বপদে থেকে টাকার কুমিরে পরিণত হচ্ছেন। এতে করে অনেক দপ্তর এখন আমলাদের হাতে জিম্মি। ফলে যোগাযোগ সেক্টরে সরকারের উন্নয়ন প্রকল্পগুলোর ব্যয় বেড়ে যাচ্ছে। জনগণের টাকা লুটপাট চলছে।’

তিনি বলেন, ‘রেলপথ মন্ত্রণালয়ের মতো একটি কচ্ছপ গতির মন্ত্রণালয়ে যেখানে একটি জনবান্ধব সিদ্ধান্ত নিতে বছরের পর বছর ফাইল আটকা থাকে সেখানে অফিস খোলার সঙ্গে অর্থাৎ সকাল ১০টায় একজন কর্তব্যরত টিটিইকে কীভাবে বরখাস্ত করা হল, দরখাস্ত কোন সময় গ্রহণ করা হল, কখন যাচাই-বাছাই করা হল, কে এই অভিযোগ রিসিভ করল, কে বরখাস্তের আদেশ অনুমোদন করল তা সবার জানা প্রয়োজন।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.