Sylhet Today 24 PRINT

এমপিও’র কাজ শেষের দিকে, ঘোষণা শিগগিরই: শিক্ষামন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০৮ মে, ২০২২

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও'র কার্যক্রম শেষ পর্যায়ে। শিগগিরই ঘোষণা করা হবে।

রোববার (৮ মে) সকালে শেরপুর সার্কিট হাউস চত্বরে উপস্থিত স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শেরপুর শহর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগদানের জন্য এদিন সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি শেরপুর আসেন।

সে সময় তিনি আরও বলেন, নতুন শিক্ষা কারিকুলাম চালু হলে শিক্ষাব্যবস্থার কোনো ক্ষতি হবে না।

দীপু মনি বলেন, আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল। আমাদের যে ৭২ বছরের ইতিহাস, সেই ইতিহাস বলে আমরা সবসময় গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করে ক্ষমতায় এসেছি। সব দলের অংশগ্রহণে নির্বাচন করতে প্রস্তুত আওয়ামী লীগ।

এ সময় সার্কিট হাউসে জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, সদস্য মারুফা আক্তার পপি ও উপাধ্যক্ষ রেমন্ড আরেং, জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ, পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম জিপি, সাধারণ সম্পাদক প্রকাশ দত্তসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

পরে মন্ত্রী ডা. দিপু মনি শহরের চকবাজার কেন্দ্রিয় শহীদ মিনার এলাকায় শহর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে অতিথি হিসেবে অংশ নেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.