সিলেটটুডে ডেস্ক | ১৪ ডিসেম্বর, ২০১৫
বিশ্বকাপ ক্রিকেট আয়োজনে জামায়াত নিয়ন্ত্রিত ও জঙ্গি অর্থায়নের দায়ে অভিযুক্ত ইসলামী ব্যাংক থেকে টাকা নেওয়ার পক্ষে আবারও সাফাই গাইলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
ইসলামী ব্যাংকের টাকা নিয়ে কোনো অন্যায় করিনি বলে মন্তব্য করলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ‘যেহেতু তারা বাংলাদেশে বৈধভাবে ব্যবসা করে। সুতরাং তাদের টাকা নিতে সমস্যা কোথায়? আমি মনে করি, এই টাকা নিয়ে বিশ্বকাপ ক্রিকেটের আয়োজন করে দেশকে সারা বিশ্বের কাছে পরিচিত করেছি।’
রোববার (১৩ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে উন্নয়ন অর্থনীতি বিষয়ক এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনা মন্ত্রী এসব কথা বলেন। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টার (আইজিসি) ও ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) এই সেমিনারের আয়োজন করে।
গতকাল শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ অর্থনীতি সমিতি আয়োজিত ‘মৌলবাদের রাজনৈতিক অর্থনীতি ও জঙ্গিবাদ: মর্মার্থ ও করণীয়’ শীর্ষক এক সেমিনারে অর্থনীতিবিদ আবুল বারকাত বলেন, আমি মনে করি ইসলামী ব্যাংককে বিশ্বকাপ ক্রিকেটের স্পনসর করে সরকার ভুল করেছে। এর মাধ্যমে সরাসরি ইসলামী ব্যাংককে স্বীকৃতি দেওয়া হয়েছে। জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে এটা ঠেকাতে আমি তখন সরকারকে চিঠি দিয়েছিলাম। কিন্তু আজকের পরিকল্পনামন্ত্রী লোটাস কামালের (পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল) কারণে সেটা ঠেকানো যায়নি।’
আবুল বারকাতের ওই মন্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে পরিকল্পনামন্ত্রী মুস্তফা কামাল বলেন, ‘যারা জীবনে কিছু করে নাই, তারাই এসব মন্তব্য করতে পারে। ইসলামী ব্যাংক যদি মৌলবাদে অর্থায়ন করে বা কোনো অন্যায় কাজ করে, সেটা দেখার জন্য বাংলাদেশ ব্যাংক রয়েছে। প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংক ইসলামী ব্যাংকে পাঁচ-ছয়জন স্বাধীন পরিচালক নিয়োগও দিতে পারে।’
উল্লেখ্য, ২০১১ সালে ক্রিকেট বিশ্বকাপের প্রচারণায় অন্যতম স্পনসর হিসেবে সরকারকে ৮০ কোটি টাকা দিয়েছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।