Sylhet Today 24 PRINT

ফেসবুকে অস্ত্রসহ ছবি দিয়ে ভাইরাল ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ০৯ মে, ২০২২

অস্ত্রসহ ছবি তুলে ফেসবুকে আপলোড করে ভাইরাল হওয়া পাবনার যুবক আবু বক্কার সিদ্দিকী রাতুলকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ সদস্যরা। গ্রেপ্তার রাতুল পাবনার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের গাবগাছি গ্রামের মোস্তফা কামালের ছেলে।

রাতুল মানিকহাট ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি। তিনি সদ্য বিলুপ্ত পাবনা জেলা ছাত্রলীগের কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক ছিলেন।

সোমবার এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৫ অধিনায়ক লেপ্টেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, রাতুল পিস্তল হাতে ছবি তুলে গত বৃহস্পতিবার ফেসবুকে আপলোড করে ভাইরাল হয়। এতে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর থেকে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং রাতুলকে ধরতে অভিযান শুরু করে।

রোববার রাতে রাজশাহীর গ্র্যান্ড তোফা হল ভবন থেকে র‌্যাব তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তিতে নগরীর সাগরপাড়া মহল্লার পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, রাতুল এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য নিজের কাছে পিস্তল রাখতেন। তিনি পাবনায় বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করতেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.