Sylhet Today 24 PRINT

কারামুক্ত ইসমাইল চৌধুরী সম্রাট

সিলেটটুডে ডেস্ক |  ১১ মে, ২০২২

ক্যাসিনোকাণ্ডে গ্রেপ্তার ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট জামিনে মুক্তি পেয়েছেন। গত বুধবার (১১ মে) দুদকের দায়ের করা অবৈধ সম্পদের মামলায় জামিন পান তিনি।

বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তার জামিনের কাগজপত্র বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএসএমইউ) পাঠানো হয়। এরপরই তার কেবিনের সামনে থেকে কারারক্ষীদের সরিয়ে নেওয়া হয়।

২০১৯ সালের ৫ অক্টোবর ঢাকার ফকিরাপুলের ইয়ংমেনস ক্লাবে র‌্যাবের অভিযানে অবৈধভাবে ক্যাসিনো কারবারের বিষয়টি সামনে আসে। ওই ক্লাব পরিচালনা যুবলীগের সে সময়ের ঢাকা দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া। তিনি ছিলেন ইসমাইল চৌধুরী সম্রাটের ঘনিষ্ঠজন। পরে বেরিয়ে ঢাকায় ক্যাসিনো কারবারে হাত রয়েছে যুবলীগের ঢাকা দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের।

এরপর ১৭ অক্টোবর কুমিল্লা থেকে ইসমাইল চৌধুরী ও তার সহযোগী আরেক যুবলীগ নেতা এনামুল হক ওরফে আরমানকে গ্রেপ্তার করে র‍্যাব। তখন র‍্যাব জানায়, গ্রেপ্তারের সময় ইসমাইল চৌধুরী ও আরমান মদ্যপ ছিলেন। তাদের কাছে বিদেশি মদ ছিল। এ কারণে ভ্রাম্যমাণ আদালত তাদের ছয় মাস করে কারাদণ্ড দেন।

দুজনকে ঢাকায় আনার পর ইসমাইল চৌধুরীকে সঙ্গে নিয়ে তার কাকরাইলের কার্যালয়ে অভিযান চালায় র‍্যাব। সেখানে বন্য প্রাণির চামড়া, মাদকদ্রব্য ও অস্ত্র পাওয়ার কথা জানানো হয়। বন্য প্রাণির চামড়া রাখায় ভ্রাম্যমাণ আদালত ইসমাইল চৌধুরী সম্রাটকে ছয় মাসের কারাদণ্ড দেন। পরে ইসমাইল চৌধুরীর বিরুদ্ধে অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে রমনা থানায় মামলা করা হয়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তার বিরুদ্ধে মানি লন্ডারিং (অর্থ পাচার) আইনে মামলা করে। আর ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত ১০ এপ্রিল অর্থ পাচার ও অস্ত্র নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার পৃথক দুটি আদালত থেকে জামিন পান ইসমাইল চৌধুরী সম্রাট। পরদিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাকে জামিন দেন আদালত।

বুধবার সকালে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় ইসমাইল চৌধুরী সম্রাটের জামিন মঞ্জুর করেন ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান। এই মামলা তদন্ত করে ২০২০ সালের ২৬ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দিয়েছিল দুদক। তাতে ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে ২২২ কোটি ৮৮ লাখ ৬২ হাজার ৪৯৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। আগামী ৯ জুন এই মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন রেখেছেন আদালত।

জামিনের বিষয়ে দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোশাররফ হোসেন কাজল বলেন, শারীরিক অসুস্থতার কথা বিবেচনায় নিয়ে মানবিক কারণে আদালত ইসমাইল চৌধুরী সম্রাটের জামিন মঞ্জুর করেছেন। আগামী ৯ জুন পর্যন্ত তার জামিন মঞ্জুর করা হয়েছে। একই সঙ্গে আদালত শর্ত দিয়ে বলেছেন, ইসমাইল চৌধুরী সম্রাট আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না। তাকে তাঁর পাসপোর্ট আদালতে জমা দিতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.