সিলেটটুডে ডেস্ক: | ১১ মে, ২০২২
শ্রীলঙ্কার মতো একই জিনিস ঘটছে বাংলাদেশে, লুটপাট ও পরিবারতন্ত্র কায়েম হয়েছে। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, 'ওবায়দুল কাদের সাহেব দাবি করেন বিএনপি অস্তিত্ব সংকটে! আগে নিজেরটা সামলান। শ্রীলঙ্কার দিকে তাকান। বিরোধী নেতা কর্মীরা ঘুমিয়ে থাকলেও এইবার আওয়ামী লীগ পার পাবে না।'
আগামী দুই বছর পর বিদেশ থেকে ধার করা টাকার সুদের টাকা দিতে গেলে আজকে চালের দর যদি ৭০ টাকা হয় তখন চালের দাম হবে ৩০০ টাকা। সাধারণ মানুষের টাকা দিয়ে এইসব মেগা প্রকল্পের জন্য ধার করা টাকা শোধ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
'খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধারে জাতীয় ঐক্য ও সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলন এখন সময়ের দাবি' বিষয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দল, গণঅধিকার পরিষদ ও বিএনপির কেন্দ্রীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।