Sylhet Today 24 PRINT

নতুন প্রজন্মে নতুন যুদ্ধাপরাধী সৃষ্টি হচ্ছে

সিলেটটুডে ডেস্ক |  ১৪ ডিসেম্বর, ২০১৫

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম অভিযোগ করেছেন, নতুন প্রজন্মের মধ্য থেকে নতুন নতুন যুদ্ধাপরাধী সৃষ্টি হচ্ছে। তারা বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাস করে না। মুক্তিযুদ্ধকে বিশ্বাস করতে চায় না। মহান মুক্তিযুদ্ধকে গণ্ডগোলের মাস বলে তারা অপপ্রচার চালায়। দুঃখের বিষয় অনেকে অপপ্রচার বিশ্বাস করে।

রোববার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। ছাত্রলীগ এ আলোচনা সভার আয়োজন করে।

আশরাফুল ইসলাম বলেন, আমরা স্বাধীনতার চেতনা যেন ভুলে না যাই। তাহলে আমাদের মধ্যেও ক্ষয় হবে। বিশ্বাসের ক্ষয় হবে। আমাদের স্মৃতিতে যদি মুক্তিযুদ্ধ না থাকে, যুদ্ধাপরাধীরা যে হত্যা করেছে তা না থাকে, তাহলে বাংলাদেশ পৃথিবীতে স্বাধীন রাষ্ট্র হয়েছে, হয়তো তাও আর থাকবে না।

তিনি বলেন, বুদ্ধিজীবীদের হত্যা সাংঘাতিক ও পরিকল্পিত হত্যাকাণ্ড। এ দেশ যেন নিজের পায়ে দাঁড়াতে না পারে, এ জন্য তারা বুদ্ধিজীবীদের পরিকল্পিতভাবে হত্যা করেছে। আর কয়েক দিন সময় পেলে সকল বুদ্ধিজীবীদের নিঃশেষ করে দিত। দুঃখের বিষয় আজকেও এই যে ধারা সেটা অব্যাহত আছে।

ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারাই আগামী দিনের ভবিষ্যৎ। আপনারাই একদিন এই দলের নেতৃত্ব দেবেন। দেশ পরিচালনা করবেন। বাংলাদেশকে অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার দায়িত্ব কিন্তু আপনাদের ঘাড়ে এসেই পড়েছে। বাংলাদেশের নেতৃত্ব আপনারাই গ্রহণ করবেন। সেই মেধা ও দক্ষতা আপনাদের আছে।

সংগঠনের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন অর রশিদ, শহীদ আলীম চৌধুরীর মেয়ে ডা. নুজহাত চৌধুরী, সংগঠনের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.